রিপোটার্স ২৪ডেস্ক: বহর ও অপারেশনাল সীমাবদ্ধতার কারণে ঢাকা-সিলেট–ম্যানচেস্টার রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার(২২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ম্যানচেস্টার রুটটি বিমানের জন্য অর্থনৈতিকভাবে লাভজনক নয়। পাশাপাশি ইউরোপ, হজ ও মধ্যপ্রাচ্য রুটে একই শ্রেণির সীমিতসংখ্যক ওয়াইড-বডি উড়োজাহাজ (বোয়িং ৭৮৭ ও ৭৭৭) ব্যবহৃত হওয়ায় বহর ব্যবস্থাপনায় চাপ তৈরি হচ্ছে। বিশেষ করে দীর্ঘপথের ম্যানচেস্টার রুটে একটি উড়োজাহাজ একাধিক দিন ব্যস্ত থাকায় অন্যান্য রুটে ফ্লাইট পরিচালনায় সমন্বয় প্রয়োজন হয়ে পড়ে।
বিমান কর্তৃপক্ষ জানায়, হজ মৌসুমে স্বল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যক যাত্রী পরিবহনের জন্য অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করতে হয়। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের রুটগুলোতে প্রবাসী শ্রমিক ও ওমরা যাত্রীদের চাহিদা বেশি থাকায় সীমিত বহরকে অধিক চাহিদাসম্পন্ন রুটে ব্যবহার করাই অপারেশনালভাবে কার্যকর।
এ ছাড়া নিয়মিত সি-চেক, ইঞ্জিন ওভারহল এবং কাঠামোগত পরিদর্শনের কারণে এক বা একাধিক উড়োজাহাজ দীর্ঘ সময় অপারেশনের বাইরে থাকছে। বিশ্বব্যাপী ক্রু সংকটের প্রভাব বিমানের ক্ষেত্রেও পড়েছে, ফলে দীর্ঘপথের ফ্লাইটের তুলনায় স্বল্পপথের ফ্লাইট পরিচালনা করলে ক্রু ব্যবস্থাপনা তুলনামূলকভাবে সহজ ও কার্যকর হয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এই বাস্তবতা বিবেচনায় যাত্রীসেবার ধারাবাহিকতা ও অপারেশনাল স্থিতিশীলতা বজায় রাখতে ঢাকা-সিলেট–ম্যানচেস্টার রুটে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় বিমান।
তবে যাত্রীদের ভোগান্তি কমাতে লন্ডন রুটে ফ্লাইট ফ্রিকোয়েন্সি বাড়ানো হয়েছে। বর্তমানে সপ্তাহে মোট পাঁচটি ফ্লাইট পরিচালনা করছে বিমান এর মধ্যে চারটি সিলেট হয়ে লন্ডন এবং একটি সরাসরি ঢাকা থেকে লন্ডনে।
এ ছাড়া ম্যানচেস্টার ফ্লাইট সাময়িক স্থগিতের কার্যকর তারিখ পূর্বঘোষিত ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে পরিবর্তন করে ১ মার্চ ২০২৬ নির্ধারণ করা হয়েছে। এই রুটের যাত্রীদের কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই টিকিট রিফান্ড, ফ্লাইট পরিবর্তন অথবা লন্ডন হয়ে ভ্রমণের সুযোগ দেওয়া হচ্ছে।
ম্যানচেস্টার রুট সাময়িকভাবে বন্ধ থাকায় যাত্রীদের যে অসুবিধা হয়েছে, সে জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দুঃখ প্রকাশ করেছে। সংস্থাটি জানায়, উড়োজাহাজ ক্রয় ও নতুন ক্রু নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। এসব কার্যক্রম সম্পন্ন হলে ভবিষ্যতে ম্যানচেস্টার রুটে পুনরায় ফ্লাইট চালুর বিষয়টি বিবেচনা করা হবে এবং যথাসময়ে তা জানানো হবে।
রিপোটার্স ২৪/এসসি