| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শীত শেষ হওয়ার আগেই চড়া সবজির বাজার, দুই সপ্তাহে কেজিতে বেড়েছে ২০ টাকা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৩, ২০২৬ ইং | ১৪:২২:৩৯:অপরাহ্ন  |  ৮৯৬৪৬০ বার পঠিত
শীত শেষ হওয়ার আগেই চড়া সবজির বাজার, দুই সপ্তাহে কেজিতে বেড়েছে ২০ টাকা

রিপোর্টার্স২৪ ডেস্ক: শীতের আমেজ এখনো পুরোপুরি কাটেনি, তার আগেই রাজধানীর কাঁচাবাজারে সবজির দামে লেগেছে আগুন। গত দুই থেকে তিন সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম প্রতি কেজি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে।

শীতের ভরা মৌসুমে সবজির দাম তুলনামূলক সহনীয় থাকলেও মৌসুম শেষের দিকে আসতেই দর ঊর্ধ্বমুখী হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এদিন বাজারে প্রতি কেজি পেঁপে ৪০ টাকা, শালগম ৬০ টাকা, গোল বেগুন ৮০ টাকা, মুলা ৪০ টাকা এবং গাজর ৬০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। শসার কেজি ৮০ টাকা, পেঁয়াজের ফুল প্রতি মুঠো ১৫ থেকে ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

অন্যান্য সবজির মধ্যে কাঁচা মরিচের কেজি ১৬০ টাকা, টমেটো ৮০ টাকা এবং মিষ্টি কুমড়া ৫০ টাকায় বিক্রি হচ্ছে। জাতভেদে শিমের কেজি ৪০ থেকে ৮০ টাকা, আলু ৩০ টাকা, ফুলকপি প্রতিপিস ৪০ থেকে ৫০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা এবং ছোট আকারের ব্রকলি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

সাপ্তাহিক ছুটির দিনে শান্তিনগর বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী সোহেল আহমেদ বলেন, কয়েকদিন আগেও তুলনামূলক কম দামে সবজি কিনেছি। কিন্তু আজ দেখছি প্রায় প্রতিটি সবজির দাম ১০ থেকে ২০ টাকা বেড়েছে। শীত মৌসুমজুড়েই দাম কিছুটা কম ছিল, এখন শীত শেষ হতে না হতেই আবার বাড়তে শুরু করেছে। এ সময় তিনি বাজার মনিটরিং জোরদারের দাবি জানান।

মালিবাগ বাজারের ক্রেতা সাইদুর রহমানও একই অভিযোগ করেন। তিনি বলেন, কয়েকদিন আগেও ফুলকপি ২০-৩০ টাকায় কিনেছি, আজ সেই কপি ৫০ টাকা চাইছে। দরদাম করে ৪০ টাকায় কিনতে হয়েছে। প্রায় সব সবজির দামই বেড়েছে।

সবজির দাম বৃদ্ধির কারণ হিসেবে রামপুরা বাজারের বিক্রেতা জুয়েল রানা জানান, শীত মৌসুম শেষে আসায় সরবরাহ কমতে শুরু করেছে। তিনি বলেন, আগে পাইকারি বাজারে যেসব সবজি কম দামে পাওয়া যেত, এখন সেগুলোই ১০ থেকে ২০ টাকা বেশি দামে কিনতে হচ্ছে। এর প্রভাব সরাসরি খুচরা বাজারে পড়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪