রিপোর্টার্স২৪ ডেস্ক: সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রশাসনিক স্বায়ত্তশাসন ও কার্যক্রম শক্তিশালী করতে ৪৬টি জুডিশিয়াল সার্ভিস ক্যাডার পদসহ মোট ২১৩টি পদ স্থায়ীভাবে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিনিয়র সচিব (ভারপ্রাপ্ত) মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর স্বাক্ষরে এ গেজেট প্রকাশিত হয়।
গেজেটের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট সচিবালয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৪৬টি ক্যাডার পদসহ মোট ২১৩টি পদ রাজস্ব খাতে স্থায়ীভাবে সৃজন করা হচ্ছে। এছাড়া যানবাহন ও অফিস সরঞ্জামাদি (টিও অ্যান্ড ই) অন্তর্ভুক্তকরণের অনুমোদন দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২১৩ পদের মধ্যে রয়েছে একটি সিনিয়র সচিব, চারটি অতিরিক্ত সচিব, চারটি যুগ্ম সচিব, ১৭টি উপসচিব, ২০টি সিনিয়র সহকারী সচিব ও একটি মুখ্য হিসাব রক্ষণ কর্মকর্তার পদ। এছাড়া সিস্টেম অ্যানালিস্ট, প্রোগ্রামার, মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, গাড়িচালক, অডিটর, ফটোগ্রাফারসহ বিভিন্ন পদও অন্তর্ভুক্ত রয়েছে।
জুডিশিয়াল সার্ভিস ক্যাডারের ৪৬ পদের মধ্যে ৪৫টির বেতন স্কেল ধরা হয়েছে ২০১৬ সালের জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেল অনুযায়ী। সিনিয়র সচিব পদসহ বাকি ১৬৮টি পদের বেতন স্কেল ধরা হয়েছে ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী।
গেজেটের আদেশে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫-এর ১৭ ধারা অনুযায়ী গঠিত ‘পদ সৃজন কমিটি’র সুপারিশের পরিপ্রেক্ষিতে এসব পদ সৃষ্টি এবং সরঞ্জাম অন্তর্ভুক্তকরণের জন্য প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির অনুমোদনসহ সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে।
এ বিষয়ে গেজেটে আরও উল্লেখ করা হয়েছে, ২১৩টি পদ, যানবাহন ও অফিস সরঞ্জামের ব্যয়ভার সুপ্রিম কোর্ট সচিবালয়ের বরাদ্দকৃত বাজেটের সংশ্লিষ্ট খাত থেকে বহন করা হবে।
পদ সৃজন কমিটির এ সংক্রান্ত একটি আদেশ গত ৮ ডিসেম্বর মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকসহ সরকারের বিভিন্ন দপ্তরে পাঠানো হয়। এটি সুপ্রিম কোর্ট সচিবালয়ের ভারপ্রাপ্ত সিনিয়র সচিব মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর স্বাক্ষরে প্রেরণ করা হয়।
রিপোর্টার্স২৪/আয়েশা