রিপোর্টার্স২৪ ডেস্ক: এলএনজি টার্মিনালে রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলায় সাময়িকভাবে কমে যাচ্ছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সরবরাহ। এর সরাসরি প্রভাব পড়বে তিতাস গ্যাসের আওতাধীন এলাকায়।
শনিবার (২৪ জানুয়ারি) থেকে টানা ২৪ ঘণ্টা এসব এলাকায় গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
শুক্রবার (২৩ জানুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে সংস্থাটি জানায়, এলএনজি টার্মিনালের কারিগরি রক্ষণাবেক্ষণের কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে গেছে। এর ফলে শনিবার দুপুর ১২টা থেকে রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত তিতাস গ্যাসের সব ধরনের গ্রাহক গৃহস্থালি, বাণিজ্যিক ও শিল্প খাতে স্বল্পচাপ বিরাজ করবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সময়ের মধ্যে চুলা জ্বালাতে সমস্যা, শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হওয়া এবং সিএনজি স্টেশনগুলোতেও চাপের ঘাটতি দেখা দিতে পারে। পরিস্থিতি সাময়িক হলেও গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কার্যক্রম শেষ হলেই সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। একই সঙ্গে এই সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি এবং আশ্বস্ত করেছে যে, দ্রুততম সময়ে সমস্যার সমাধানে সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছেন।
রিপোর্টার্স২৪/ঝুম