রিপোর্টার্স২৪ ডেস্ক: নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে পোস্টাল ব্যালট না পৌঁছলে তা গণনায় অন্তর্ভুক্ত করা হবে না। শনিবার (২৪ জানুয়ারি) ইসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটাররা ব্যালট প্রাপ্তির পর যত দ্রুত সম্ভব ভোট প্রদান সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিস/ডাকবাক্সে হলুদ খাম জমা দেবেন। রিটার্নিং অফিসারের নিকট ১২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টার মধ্যে ব্যালট পৌঁছালে তা গণনায় অন্তর্ভুক্ত করা হবে।
ইসি আরও জানিয়েছে, আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট পোস্ট না করলে নির্ধারিত সময়ে রিটার্নিং অফিসারের নিকট ব্যালট পৌঁছাতে নাও পারে। এজন্য প্রবাসী ভোটারদের অনুরোধ করা হয়েছে, আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোটদান কার্যক্রম সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠাতে।
এবার পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন দেশের ভেতরের তিন শ্রেণির নাগরিক- সরকারি চাকরিজীবী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও কয়েদীরা। এছাড়া ১২০টির বেশি দেশে অবস্থানরত প্রবাসীরাও পোস্টাল ব্যালটে ভোট দেবেন। সবমিলিয়ে ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার পোস্টাল ব্যালটে নিবন্ধন করেছেন।
নির্বাচন কমিশন আগামী ১২ ফেব্রুয়ারি ১২ কোটি ৭৭ লাখের বেশি ভোটারের অংশগ্রহণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন করবে।
রিপোর্টার্স২৪/আয়েশা