| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষা একক কোনো প্রক্রিয়া নয়, অংশগ্রহণেই গড়ে উঠতে হবে সবার: শিক্ষা সচিব

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৪, ২০২৬ ইং | ১৫:৫৬:১০:অপরাহ্ন  |  ৮৭৫৬১৯ বার পঠিত
শিক্ষা একক কোনো প্রক্রিয়া নয়, অংশগ্রহণেই গড়ে উঠতে হবে সবার: শিক্ষা সচিব

রিপোর্টার্স২৪ ডেস্ক: শিক্ষা কখনোই একতরফা কোনো ব্যবস্থা হতে পারে না; এটি গড়ে উঠতে হবে সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে এমন মন্তব্য করেছেন শিক্ষা সচিব ও বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনের (বিএনসিইউ) সেক্রেটারি জেনারেল রেহানা পারভীন। তিনি বলেন, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, নীতিনির্ধারক ও সমাজের সব অংশীজনের সক্রিয় সম্পৃক্ততা ছাড়া একটি শিক্ষা ব্যবস্থা কখনোই গুণগত ও কার্যকর হতে পারে না।

শনিবার (২৪ জানুয়ারি) আন্তর্জাতিক শিক্ষা দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষা সচিব বলেন, শিক্ষার মান সরাসরি শিক্ষার্থীদের ভবিষ্যৎ, দক্ষতা ও মানবিক বিকাশের সঙ্গে যুক্ত। আনন্দদায়ক, বাস্তবসম্মত ও সময়োপযোগী শিক্ষা নিশ্চিত করতে হলে নীতিনির্ধারণ থেকে বাস্তবায়ন—সব পর্যায়ে সমন্বিত অংশগ্রহণ অপরিহার্য।

তিনি আরও বলেন, বিশ্বজুড়ে বিভিন্ন কাঠামোগত পরিবর্তন ও কল্যাণমূলক আন্দোলনে তরুণ সমাজ বরাবরই নেতৃত্ব দিয়েছে। বাংলাদেশের বাস্তবতায় তরুণরা শুধু সংখ্যাগতভাবে নয়, বরং তাদের অভিজ্ঞতা, সংগ্রাম ও বহুমাত্রিক জীবনবোধের দিক থেকেও অত্যন্ত শক্তিশালী। সামাজিক ও পারিবারিক নানা প্রতিকূলতা মোকাবিলা করে গড়ে ওঠা এই তরুণ প্রজন্ম যুগে যুগে দেশের মৌলিক পরিবর্তনের অগ্রদূত হিসেবে ভূমিকা রেখে এসেছে।

রেহানা পারভীন বলেন, তরুণদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া দেশের টেকসই উন্নয়ন ও মৌলিক রূপান্তর সম্ভব নয়। তিনি শিক্ষার্থীদের দায়িত্বশীল ও মানবিক নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানান।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক শিক্ষা দিবসের মূল উদ্দেশ্য হলো শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ত্বরান্বিত করা এবং দারিদ্র্য ও বৈষম্য হ্রাস করা। এই লক্ষ্য অর্জনে তরুণদের শক্তি, উদ্ভাবনী চিন্তা ও সক্রিয় অংশগ্রহণের কোনো বিকল্প নেই। শিক্ষা কখনোই উপর থেকে চাপিয়ে দেওয়া কোনো বিষয় হওয়া উচিত নয়। বরং শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, নীতিনির্ধারক, সরকার, সুশীল সমাজ ও উন্নয়ন সহযোগীদের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমেই শিক্ষাব্যবস্থার নকশা ও বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল সারভীনা মনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা ও বিএনসিইউ চেয়ারপারসন অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনেস্কোর হেড অব অফিস ও রিপ্রেজেন্টেটিভ টু বাংলাদেশ সুজান ভাইজ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪