স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে ঝিলপাড় বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এই আগুন লাগে। তবে স্থানীয় বাসিন্দাদের দ্রুত ও সচেতন উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মধ্যরাতে ঝিলপাড় বস্তিতে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে সংবাদ পৌঁছায়। খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। তবে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছানোর আগেই স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আগুন লাগার পরপরই বস্তিবাসীরা পানি ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করেন। তাদের এই তাৎক্ষণিক উদ্যোগের ফলে আগুন আশপাশের ঘরবাড়িতে ছড়িয়ে পড়তে পারেনি।
মিরপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, মিরপুর ৭ নম্বর ঝিলপাড় বস্তিতে আগুন লাগার তথ্য পেয়ে আমরা সঙ্গে সঙ্গে দুটি ইউনিট পাঠাই। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। তবে অগ্নিকাণ্ডে কয়েকটি বসতঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন।
বস্তিবাসীরা জানান, ঘনবসতিপূর্ণ এলাকায় এমন অগ্নিকাণ্ডের ঘটনা আতঙ্ক সৃষ্টি করে। তারা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়ার পাশাপাশি নিজেদের উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করেন। স্থানীয়দের মতে, সময়মতো আগুন নিয়ন্ত্রণে না আনতে পারলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।
রিপোর্টার্স২৪/বাবি