| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিদেশি কূটনীতিকরা আস্থা প্রকাশ করেছেন: সিইসি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৫, ২০২৬ ইং | ১৮:১৩:৩১:অপরাহ্ন  |  ৮৭৯৪৭২ বার পঠিত
বিদেশি কূটনীতিকরা আস্থা প্রকাশ করেছেন: সিইসি
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

ডিপ্লোম্যাটিক রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনকে ঘিরে নেওয়া প্রস্তুতির বিস্তারিত চিত্র বাংলাদেশে কর্মরত বিদেশি মিশনের কূটনীতিক এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সামনে তুলে ধরেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার(২৫ জানুয়ারি) সকালে ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত এ কূটনৈতিক ব্রিফিংকে ‘খুব সুন্দর’ বলে উল্লেখ করে সিইসি জানান, আলোচনায় অংশ নেওয়া কূটনীতিকরা পুরো প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

ব্রিফিং শেষে সাংবাদিকদের সিইসি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশন কী ধরনের প্রস্তুতি নিয়েছে এবং কী কী পদক্ষেপ বাস্তবায়ন করা হয়েছে সবকিছুই বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, আমরা চাই একটি সর্বোচ্চ স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন। এখানে লুকোচুরির কোনো ব্যাপার নেই এটা আমরা তাদের বুঝিয়েছি। তারা বিষয়টি সাধুবাদ জানিয়েছে।

কূটনীতিকরা ব্রিফিংয়ে ‘অত্যন্ত খুশি হয়েছেন’ উল্লেখ করে সিইসি বলেন, তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে নিরাপদ পরিবেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে নির্বাচন কমিশন।

কূটনীতিকদের পক্ষ থেকে কোনো পরামর্শ এসেছে কি না এমন প্রশ্নে সিইসি জানান, তারা মূলত বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেছেন। এর মধ্যে ছিল পোস্টাল ভোটের পদ্ধতি, আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন, নিরাপত্তা পরিকল্পনা এবং বাহিনীগুলো কার অধীনে দায়িত্ব পালন করবে এসব বিষয়।

তিনি বলেন, নির্বাচন ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে, যাতে ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারেন। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, র‌্যাব, বিজিবি ও আনসারের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন থাকবে বলেও ব্রিফিংয়ে জানানো হয়েছে।

ভোটের মাঠে অভিযোগ নিষ্পত্তিতে বিচারিক হাকিমদের সমন্বয়ে তদন্ত সংস্থা গঠনের বিষয়টিও কূটনীতিকদের সামনে তুলে ধরা হয়।

নির্বাচনে কোনো দলের অংশগ্রহণ না থাকা নিয়ে কূটনীতিকরা প্রশ্ন করেছেন কি না জানতে চাইলে সিইসি বলেন, এ বিষয়ে কোনো প্রশ্ন আসেনি। কারণ তারা নির্বাচন কমিশনের উদ্দেশ্য ও অবস্থান স্পষ্টভাবে বুঝতে পেরেছেন।

ব্রিফিং শেষে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনের আত্মবিশ্বাসী সহকর্মীরা একটি অসাধারণ ব্রিফিং উপস্থাপন করেছেন এবং মাসের পর মাস ধরে নির্বাচন প্রস্তুতিতে একসঙ্গে কাজ করার জন্য তিনি কৃতজ্ঞতা জানান।

তবে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো উদ্বেগ আছে কি না এ প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করতে চাননি।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক আলী রীয়াজ উপস্থিত ছিলেন। এ ছাড়া নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ, ইসি সচিব আখতার আহমেদসহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্রিফিংয়ে অংশ নেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪