| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চানখারপুলে মানবতাবিরোধী অপরাধ

সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার রায় আজ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৬, ২০২৬ ইং | ০৯:৩৬:৫৩:পূর্বাহ্ন  |  ৮৪৭৪৯৯ বার পঠিত
সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার রায় আজ

রিপোর্টার্স২৪ ডেস্ক: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের রক্তাক্ত অধ্যায় রাজধানীর চানখারপুল। সেখানে ছয়জন নিরস্ত্র মানুষ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আলোচিত এই মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ মোট আট পুলিশ কর্মকর্তার ভাগ্য নির্ধারিত হতে যাচ্ছে।

সোমবার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক বেঞ্চ রায় ঘোষণা করবেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এ মামলার রায়ের জন্য ২০ জানুয়ারি দিন ধার্য ছিল। কিন্তু প্রস্তুত না হওয়ায় আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

পুনর্গঠিত ট্রাইব্যুনালের এটি প্রথম মামলা হলেও রায়ের দিক থেকে দ্বিতীয়। ঘটনাটি ২০২৪ সালের ৫ আগস্টের। এ ঘটনায় শহীদ হয়েছেন শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, ইয়াকুব, রাকিব হাওলাদার, ইসমামুল হক ও মানিক মিয়া। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ২১ এপ্রিল প্রসিকিউশনের কাছে ৯০ পৃষ্ঠার প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। প্রতিবেদনটি যাচাই-বাছাই শেষে ২৫ মে ট্রাইব্যুনাল-১ এ ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। একই দিন অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এরই ধারাবাহিকতায় আট আসামির গ্রেপ্তার চারজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন, শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ‍ও মো. নাসিরুল ইসলাম।

পলাতকরা হলেন, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

গ্রেপ্তার আসামিদের উপস্থিতিতে প্রসিকিউশন-আসামিপক্ষের শুনানি শেষে গত বছরের ১৪ জুলাই অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল-১। এর মাধ্যমে আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারের আদেশ আসে আদালতের। এরই ধারাবাহিকতায় সাক্ষ্যগ্রহণ শুরু হয় ১১ আগস্ট। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন শহীদ আনাসের বাবা শাহারিয়ার খান পলাশ। তদন্ত কর্মকর্তাসহ ২৩ কার্যদিবসে মোট ২৬ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয় ১০ ডিসেম্বর। ১৫ ডিসেম্বর শুরু হয় যুক্তিতর্ক। প্রসিকিউশন-আসামিপক্ষের যুক্তি-পাল্টা যুক্তি খণ্ডন শেষে ২৪ ডিসেম্বর রায়ের তারিখ নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। তবে ২০ জানুয়ারি তা পিছিয়ে আজকের দিন ধার্য করা হয়।

মানবতাবিরোধী অপরাধের এ মামলায় জব্দ তালিকা হিসেবে ১৯টি ভিডিও, পত্রিকার ১১টি প্রতিবেদন, দুটি অডিও, বই ও ১১টি প্রতিবেদন, ছয়টি মৃত্যুসনদ সংযুক্ত করে জমা দিয়েছে প্রসিকিউশন।

এদিকে, যুক্তিতর্কে আট আসামিরই সর্বোচ্চ সাজা চেয়েছে রাষ্ট্রপক্ষ। তবে প্রসিকিউশনের আনা অভিযোগ সঠিক নয় দাবি করে তাদের বেকসুর খালাস চেয়েছে আসামিপক্ষ। তবে ট্রাইব্যুনালের রায়ে নির্ধারণ হবে এই আট পুলিশের ভাগ্য।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪