রিপোর্টার্স২৪ ডেস্ক: বিশ্বজুড়ে নগরায়ণ ও শিল্পায়নের সঙ্গে সঙ্গে বাড়ছে বায়ুদূষণের মাত্রা। সেই তালিকায় উদ্বেগজনকভাবে আবারও শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৭টা থেকে ৮টার মধ্যে প্রকাশিত আন্তর্জাতিক বায়ুমান সূচক অনুযায়ী, ২৫৬ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে চিহ্নিত হয়েছে ঢাকা। এই মাত্রার বায়ু ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, একই সময়ে ১৯২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। ১৯০ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে চীনের উহান শহর। এছাড়া ১৮২ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রাশিয়ার ক্রাসনোয়ারস্ক এবং একই স্কোরে পঞ্চম স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
রিপোর্টার্স২৪/ঝুম