| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাষ্ট্রধর্ম-বিসমিল্লাহ নিয়ে অপপ্রচার চলছে: ধর্ম উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৬, ২০২৬ ইং | ১১:০৭:২৯:পূর্বাহ্ন  |  ৮৪৬১৩৮ বার পঠিত
রাষ্ট্রধর্ম-বিসমিল্লাহ নিয়ে অপপ্রচার চলছে: ধর্ম উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক: গণভোটকে কেন্দ্র করে ধর্ম নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি স্পষ্ট করে বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে সংবিধান থেকে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ বা রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়া হবে এমন দাবি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।

সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়।

ধর্ম উপদেষ্টা বলেন, কিছু মহল ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে, রাষ্ট্রধর্ম ইসলামও বহাল থাকবে। এসব নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না।

ড. খালিদ হোসেন বলেন, এই গণভোট বাংলাদেশের রাজনৈতিক গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা রাখে। একটি আলোকিত, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, সাধারণ নির্বাচনে আপনি যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন এটি আপনার অধিকার। কিন্তু গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন। এতে দেশের চেহারা পাল্টে যাবে।

তিনি আরও বলেন, নিপীড়নমূলক, স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনব্যবস্থা যেন আর ফিরে না আসে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, ‘হ্যাঁ’ ভোট মানে জুলাই অভ্যুত্থানের চেতনা, আর ‘না’ ভোট মানে ফ্যাসিবাদ।

তিনি আরও বলেন,  এখানে মাঝামাঝি কোনো অবস্থান নেই। নীরব থাকারও কোনো সুযোগ নেই। দেশের ভবিষ্যৎ নির্ধারণের এই মুহূর্তে সবাইকে অবস্থান স্পষ্ট করতে হবে।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আবদুস ছালাম খানের সভাপতিত্বে আয়োজিত এই জাতীয় ইমাম সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী, মনির হায়দার এবং ধর্ম সচিব মো. কামাল উদ্দিন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশন এই সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ইমাম ও ধর্মীয় নেতারা অংশ নেন এবং গণভোট নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪