রিপোর্টার্স২৪ ডেস্ক: নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড পুরোপুরি বিদ্যমান রয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। তার ভাষায়, নির্বাচন ব্যবস্থায় সমান সুযোগ না থাকলে প্রার্থীরা অভিযোগ জানাতে কিংবা নির্বিঘ্নে প্রচার চালাতে পারতেন না।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি স্পষ্ট করে জানান, নির্বাচনি পরিবেশে কোনো ধরনের বৈষম্য থাকলে তা সহজেই চোখে পড়তো।
ইসি সচিব বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড আছে বলেই প্রার্থীরা তাদের অভিযোগ তুলে ধরতে পারছেন, প্রচার চালাতে পারছেন। যদি এই সুযোগ না থাকতো, তাহলে পরিস্থিতি ভিন্ন হতো।
এছাড়া নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, কোনো প্রার্থী নিয়ম ভঙ্গ করলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও ইলেকটোরাল ইনকোয়ারি কমিটিকে জানানো উচিত। একই সঙ্গে নির্বাচন কমিশনকেও বিষয়টি অবহিত করার আহ্বান জানান তিনি।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারাই তো চোখ ও কান। কোথাও অনিয়ম দেখলে তা রিটার্নিং অফিসারের নজরে আনুন, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটিকে জানান। আমাদের কাছেও কপি দিন। আমি বিষয়টি ফলো করবো।
ইসি সচিবের এই বক্তব্যের মাধ্যমে নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বার্তা দিয়েছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রিপোর্টার্স২৪/ঝুম