সিনিয়র রিপোর্টার: ২০২৫ সালে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১২৪ জন ভারতীয় এবং ৭ হাজার ৩৬৮ জন মিয়ানমারের নাগরিককে আটক করেছে বিজিবি। সোমবার (২৬ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি সদর দপ্তর।
বিজিবি আরও জানায়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অভিযান চালিয়ে ১ হাজার ৯০৮ কোটি ২৮ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৬০ কেজি ৫৫৬ গ্রাম স্বর্ণ, ১৬৮ কেজি ২৪১ গ্রাম রৌপ্য, বিপুল পরিমাণ শাড়ি, থ্রিপিস, তৈরি পোশাক, থান কাপড়, কসমেটিকস, ইমিটেশন গহনা, আতশবাজি, চিনি, চা পাতা, পেঁয়াজ, রসুন, জিরা, কাঠ, পাথর, কয়লা, সার, বিভিন্ন প্রকার বীজ, জ্বালানি তেল, মোবাইল ফোন ও মোবাইল ডিসপ্লে। এছাড়া জব্দ করা হয় ১২ হাজারের বেশি গরু-মহিষ এবং ১ হাজার ৭০৮টি বিভিন্ন প্রকার যানবাহন।
বিজিবি জানায়, একই সময়ে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ৬৪টি পিস্তল, ২টি এসএমজি, ১০টি রাইফেল, ১৯টি হ্যান্ড গ্রেনেড, ৭৯টি হাত বোমা, ১৭৮টি ককটেল, মর্টার শেল, মাইনসহ বিভিন্ন ধরনের অস্ত্র ও বিস্ফোরক।
এছাড়া গত বছর বিজিবি বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এসময় ১ কোটি ৪৭ লাখের বেশি ইয়াবা, ক্রিস্টাল মেথ আইস, ফেনসিডিল, বিদেশি মদ, বাংলা মদ, বিয়ার, গাঁজা, হেরোইন, কোকেন, এলএসডি, নেশাজাতীয় ইনজেকশন ও বিভিন্ন ধরনের নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়।
বিজিবি আরও জানায়, এছাড়া ইয়াবা ও ক্রিস্টাল মেথ আইসসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২ হাজার ৩৩৪ জনকে আটক করা হয়। একই সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৪ হাজার ২৩৮ জন বাংলাদেশি, ১২৪ জন ভারতীয় এবং ৭ হাজার ৩৬৮ জন মিয়ানমারের নাগরিককে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব