সিনিয়র রিপোর্টার: বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ফ্যামেলি ডে শেষে বাসযোগে ঢাকায় ফিরতে গেলে নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে স্থানীয় একদল সন্ত্রাসী রাস্তার পাশে বাস পার্কিং করায় চাঁদা দাবি করে। সাংবাদিকরা এর প্রতিবাদ করলে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা হামলা চালায়। এতে ১০-১২ জন সাংবাদিক আহত হয়েছেন। এদের মধ্যে ছয়জন গুরুতর আহত হন। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দু’জনকে আটক করেছে।
জানা গেছে, স্থানীয় সন্ত্রাসীরা চাঁদাদাবি করলে সাংবাদিকরা এর প্রতিবাদ করলে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা হামলা চালায়। সন্ত্রাসীরা এ সময় বাসের চাবি কেড়ে নিয়ে নারী, শিশুসহ সাংবাদিকদের জিম্মি করে এবং অগ্নিসংযোগের চেষ্টা করে। হামলা থেকে বাঁচতে ক্র্যাব নেতৃবৃন্দ পুলিশকে ফোন করেন। কিছুক্ষণ পরে পুলিশ এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় সাংবাদিক এস এম ফয়েজ, শাহেদ, মহসিনুল কবির ও ক্র্যাব স্টাফ লালসহ কয়েকজন আহত হন।
ক্র্যাব’র সাধারণ সম্পাদক এম এম বাদশাহ বলেন, পার্কিং ফি’র নামে চাঁদা দাবি করায় সাংবাদিকরা প্রতিবাদ জানিয়েছিলেন। তার জেরেই সংঘবদ্ধ ওই সন্ত্রাসী হামলায় বেশ কয়েকজন সাংবাদিক আহত হন। অনেকের শরীরের বিভিন্নস্থানে মারাত্মক জখম হয়েছে। সন্ত্রাসীরা সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের বহনকারী বাস আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে। এসময় বাসের ভেতরে থাকা সাংবাদিক ও তাদের স্ত্রী-সন্তানরা আতংকগ্রস্ত হয়ে পড়েন।
নরসিংদীর পুলিশ সুপার (এসপি) মো: আবদুল্লাহ-আল-ফারুক জানান, খবর পেয়ে পুলিশ দু’জনকে আটক করে থানায় নিয়েছে। আহত সাংবাদিকদের চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেয়া হয়েছে। ক্র্যাব কার্যনির্বাহী কমিটি এ ঘটনায় মাধবদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
রিপোর্টার্স২৪/এসসি