রিপোর্টার্স২৪ ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, কারাগারে বন্দীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের মৌলিক মানবাধিকার রক্ষা করা রাষ্ট্রের নৈতিক ও আইনি দায়িত্ব। তিনি বলেন, কারা প্রশাসনে নিরাপত্তা ও মানবাধিকার একে অপরের পরিপূরক। বন্দীদের সংশোধিত নাগরিক হিসেবে সমাজে ফিরিয়ে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে গাজীপুরের কাশিমপুর কারা ক্যাম্পাসে অবস্থিত কারা প্রশিক্ষণ কেন্দ্রের প্যারেড গ্রাউন্ডে ৬৩তম ব্যাচ মহিলা কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আরও বলেন, কারাগার ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধু অপরাধ দমন বা বন্দীদের আটক নয়, বরং সংশোধন ও সামাজিক পুনর্বাসনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। তিনি বলেন, বৈষম্যহীন, স্বচ্ছ ও জবাবদিহি মূলক কারা প্রশাসনের জন্য কারারক্ষীদের সততা, দক্ষতা ও পেশাদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জাহাঙ্গীর আলম চৌধুরী দুর্নীতির বিরুদ্ধে সতর্ক করে বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। যদি কোনো কারা সদস্য ব্যক্তিস্বার্থ, লোভ বা রাজনৈতিক সুবিধার জন্য কাজ করে, তা শুধু আইন ভঙ্গ নয় রাষ্ট্রকে দুর্বল করার সমতুল্য। তিনি পুনর্ব্যক্ত করেন, কারার কোনো সদস্য কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয় তারা রাষ্ট্রের জনগণের ট্যাক্সভিত্তিক বেতনপ্রাপ্ত সরকারি কর্মচারী।
সমাপনী অনুষ্ঠানে উপদেষ্টা প্যারেড পরিদর্শন করেন এবং প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সেরা মহিলা কারারক্ষীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে মহিলা কারারক্ষীরা বিভিন্ন ধরনের শারীরিক কসরত এবং ডিসপ্লে প্রদর্শন করেন।
উল্লেখ্য, ৬৩তম ব্যাচের মহিলা কারারক্ষীদের মধ্যে ড্রিলে প্রথম স্থান অধিকার করেছে লিজা খাতুন, পিটিতে প্রথম স্থান অধিকার করেছে মোছাঃ রায়হানা আক্তার সুবর্ণা, আন আর্মড কম্ব্যাটে প্রথম স্থান অধিকার করেছে জুথি পারভীন, ফায়ারিংয়ে প্রথম স্থান অধিকার করেছে মানসুরা। একাডেমিসহ সর্ববিষয়ে প্রথম স্থান অধিকার করেছে মোছাঃ রায়হানা আক্তার সুবর্না।
রিপোর্টার্স২৪/ঝুম