রংপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সামরিক ও বেসামরিক প্রশাসনকে নিরপেক্ষতা, পেশাদারিত্ব, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণ বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রংপুরে ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ কার্যক্রমে মোতায়েন থাকা সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শন ও পর্যবেক্ষণ শেষে তিনি এই নির্দেশনা দেন। তিনি বলেন, সংসদ ও গণভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সামরিক ও বেসামরিক প্রশাসনের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সেনাবাহিনী প্রধান সকাল ১০টায় রংপুর সার্কিট হাউসে ঊর্ধ্বতন সামরিক, বিভাগীয় ও জেলা প্রশাসনসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় আগামী নির্বাচনের শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।পরবর্তীতে তিনি শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে মোতায়েনকরা সেনা সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন।
রিপোর্টার্স২৪/এসসি