সিনিয়র রিপোর্টার: রাজধানীর বাড্ডা লিংক রোডে দুই বাসের চাপায় আবুল কাশেম আজাদ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টায় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি ইউসিবি ব্যাংকের খিলক্ষেত শাখার সাপোর্ট ষ্টাফ।
নিহতের সহকর্মী ইফতেখার হোসেন বলেন, সন্ধ্যায় অফিস শেষে বাড্ডার লিংক রোড দিয়ে বাসায় ফিরছিলেন আবুল কাশেম। রাস্তা পারাপারের সময় রাইদা ও ভিক্টর নামে যাত্রীবাহী দুটি বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে আমরা খবর পেয়ে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান তিনি মারা গেছেন। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার নেকদি গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বাড্ডা থানা-পুলিশকে জানানো হয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি