| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অতিরিক্ত সচিব হলেন ১১৮ জন কর্মকর্তা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৭, ২০২৬ ইং | ২২:২৬:১৯:অপরাহ্ন  |  ৮৬৯৪৬৫ বার পঠিত
অতিরিক্ত সচিব হলেন ১১৮ জন কর্মকর্তা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে যুগ্মসচিব পদমর্যাদার ১১৮ জন কর্মকর্তাকে একযোগে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন করে দায়িত্ব বণ্টন না হওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত এসব কর্মকর্তাকে আপাতত বিভিন্ন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে রাখা হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে এসে অতিরিক্ত সচিব ও যুগ্মসচিব পদমর্যাদার দুই শতাধিক কর্মকর্তাকে পদোন্নতির প্রস্তুতির খবর আগেই পাওয়া গিয়েছিল। একই সঙ্গে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় মন্ত্রী, প্রতিমন্ত্রীদের ব্যক্তিগত সচিব (পিএস), জেলা প্রশাসক (ডিসি)সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা কর্মকর্তারা এই দফার পদোন্নতির তালিকা থেকে বাদ পড়তে পারেন এমন আভাসও কর্মকর্তাদের মধ্যেই আলোচিত হচ্ছিল।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা মঙ্গলবার সকালে বলেন, ২০২১ সালের ২৯ অক্টোবর ২০তম ব্যাচের বেশ কয়েকজন কর্মকর্তাকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয়। ওই ব্যাচের প্রায় ২৫৬ জন কর্মকর্তা পদোন্নতির যোগ্য হলেও বিভিন্ন কারণে তারা এতদিন বাদ পড়ে ছিলেন। এ ছাড়া ইকোনমিক ক্যাডারসহ অন্যান্য মিলিয়ে প্রায় ৭০ জন কর্মকর্তা আরও আগেই পদোন্নতির যোগ্য হয়েছিলেন।

তিনি আরও জানান, ২৪তম ব্যাচের ৩৪৪ জন কর্মকর্তার মধ্যে গত বছরের মার্চে ১৯৬ জনকে পদোন্নতি দেওয়া হলেও বাকি রয়েছেন প্রায় ১৮০ জন কর্মকর্তা, যারা এখনও পদোন্নতির অপেক্ষায় আছেন। সব মিলিয়ে দুই শতাধিক কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার জন্য প্রশাসনিকভাবে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন ছিল বলেও জানান তিনি।

নির্বাচনের আগে এ ধরনের বড় পরিসরের পদোন্নতিকে নিয়মবহির্ভূত মনে করছেন না সাবেক সচিব ও বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক রেক্টর একেএম আবদুল আউয়াল মজুমদার। তিনি বলেন, এটি একটি রুটিন কাজ। সরকার চাইলে এটি করতেই পারে। এর সঙ্গে নির্বাচনের সরাসরি কোনও সম্পর্ক নেই, কারণ এই সরকারের কেউ তো সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন না।

তবে শূন্য পদ না থাকা সত্ত্বেও এভাবে একযোগে পদোন্নতির সমালোচনা করে তিনি বলেন, পদ ছাড়া পদোন্নতি দেওয়া সরকার ৫ আগস্টের পর থেকেই করে আসছে। আমি শুরু থেকেই বলে আসছি, পদ ছাড়া পদোন্নতি বন্ধ হওয়া উচিত। পদ ছাড়া পদোন্নতি প্রশাসনিক অনাচারের শামিল।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪