| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন কুয়েত প্রবাসীরা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৮, ২০২৬ ইং | ০৮:০৮:৩৪:পূর্বাহ্ন  |  ৮৫৬৪৯১ বার পঠিত
পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন কুয়েত প্রবাসীরা

আন্তর্জাতিক ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করছেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। রোববার (২৫ জানুয়ারি) কুয়েতের সালমিয়া, হাওয়াল্লি ও কাইফান পোস্ট অফিসে হলুদ খামে ব্যালট জমা দিতে ভিড় করেন প্রবাসীরা।

এদিকে মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ দূতাবাস কুয়েতের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুধু আল মিসাইল পোস্ট অফিসে হলুদ খামে ব্যালট জমা দিলে কোনো ফি দিতে হবে না। বিজ্ঞপ্তিতে আগামী ২ জানুয়ারির মধ্যে ব্যালট জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে যারা নিবন্ধন সম্পন্ন করলেও ব্যালট পাননি, তাদের দ্রুত ব্যালট সংগ্রহ করে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়।

দূতাবাস সূত্রে জানা গেছে, কুয়েতে মোট ৩৫ হাজার ৩৮৬ জন প্রবাসী পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন ৫২৪ জন।

খোঁজ নিয়ে জানা যায়, যারা আগে অ্যাপের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে ফেস ভেরিফিকেশন সম্পন্ন করেছেন, তারা হলুদ খামে ব্যালট পেপার জমা দিয়ে নির্বিঘ্নে কর্মস্থলে ফিরছেন। তবে নতুন পদ্ধতি হওয়ায় অনেক প্রবাসী ভোট প্রদানের নিয়ম বুঝতে সহকর্মী ও পরিচিতজনদের সহায়তা নিচ্ছেন।

রিপন মিয়া নামের এক প্রবাসী বলেন, ২৫ বছর ধরে কুয়েতে আছি। বিদেশে থাকার কারণে কখনো ভোট দিতে পারিনি। এবার প্রথমবার ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। যে সরকারই আসুক, তারা যেন প্রবাসী ও আমাদের পরিবারের কল্যাণে কাজ করে—এটাই প্রত্যাশা।

নতুন পদ্ধতিতে ভোট দেওয়ার বিষয়ে অভিজ্ঞতা না থাকায় অনেক প্রবাসী ব্যালট নিয়ে অন্যদের সহযোগিতা নিচ্ছেন। অ্যাপে কিউআর কোড স্ক্যান, গোপন পিন নম্বর ব্যবহার, ফেস ভেরিফিকেশন ও সেলফি আপলোডের মাধ্যমে ভোটদান সম্পন্ন করে নিজ নিজ নির্বাচনী এলাকার প্রার্থীর পক্ষে ভোট ও গণভোটের ব্যালট হলুদ খামে জমা দিচ্ছেন তারা।

প্রবাসী ফিরোজ জানান, বন্ধুর সহায়তায় নিবন্ধন করেছি। নিয়ম অনুযায়ী অ্যাপের সব ধাপ শেষ করে ভোট দিয়েছি। এই পদ্ধতিতে একজন আরেকজনকে প্রযুক্তিগতভাবে সহযোগিতা করতে পারে, কিন্তু কেউ কারও ভোট দিতে পারে না—এটাই সবচেয়ে ভালো দিক।

কুয়েতে প্রতিটি এলাকায় পোস্ট অফিস থাকলেও প্রযুক্তিগত পরিবর্তনের কারণে অনেক পোস্ট অফিসের কার্যক্রম সীমিত। ফলে একাধিক এলাকার ব্যালট একটি পোস্ট অফিসে জমা নেওয়া হচ্ছে। দূরত্ব ও কর্মব্যস্ততার কারণে যারা সরাসরি পোস্ট অফিসে যেতে পারছেন না, তারা বন্ধুদের সহায়তায় ব্যালট জমা দিচ্ছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, যারা ব্যালট সংগ্রহ করেছেন, তারা যেন দ্রুত হলুদ খামে ব্যালট পোস্ট অফিসে জমা দেন। আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার মধ্যে ব্যালট পৌঁছালেই তা গণনায় অন্তর্ভুক্ত করা হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪