সিনিয়র রিপোর্টার: নির্বাচনকালীন সময়ে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) রিটকারী আইনজীবী অ্যাডভোকেট নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেন। পরীক্ষার্থীদের পক্ষে এ রিট দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর পূর্বঘোষণা অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকাসহ রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার হল, আসন বিন্যাস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে।
এর আগে গত বছরের ২৬ নভেম্বর পিএসসির ওয়েবসাইটে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে ৪ ডিসেম্বর আবেদন গ্রহণ শুরু হয়ে তা শেষ হয় ৩১ ডিসেম্বর।
রিপোর্টার্স২৪/এসসি