রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে আয়োজিত ৯ম বাংলাদেশ–যুক্তরাষ্ট্র ল্যান্ড ফোর্সেস টকস ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকা সেনানিবাসে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের কনফারেন্স কক্ষে দুই দিনব্যাপী (২৬–২৭ জানুয়ারি) এ বৈঠকের সমাপ্তি হয়।
আইএসপিআর জানায়, গত বছরের ৮–১০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ৯ম ল্যান্ড ফোর্সেস টকসের ধারাবাহিকতায় এই বৈঠক আয়োজন করা হয়। এতে দুই দেশের সেনাবাহিনীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং পারস্পরিক সামরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।
বাংলাদেশের পক্ষে ২২ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ বদরুল হক। যুক্তরাষ্ট্রের পক্ষে ৪ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র প্যাসিফিক আর্মি কমান্ডের নিরাপত্তা সহযোগিতা বিভাগের মেজর মাইকেল জেকব ওসটার। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ূন কবীর।
বৈঠকে উভয় পক্ষ সামরিক প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং কৌশলগত সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রশিক্ষণ আদান-প্রদান, আধুনিক প্রযুক্তি ও সামরিক সরঞ্জাম ব্যবহারে সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া সামরিক সক্ষমতা বাড়াতে যৌথ প্রশিক্ষণ ও মহড়া আয়োজন, উদ্ভাবনী প্রশিক্ষণ পদ্ধতি গ্রহণ এবং চলমান কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে উভয় পক্ষ আগ্রহ পুনর্ব্যক্ত করে।
আইএসপিআর আরও জানায়, আঞ্চলিক নিরাপত্তা জোরদার, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় সম্মিলিত প্রস্তুতি এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তিগত সহায়তা ও প্রস্তুতি বৃদ্ধির ওপরও আলোচনায় গুরুত্ব দেওয়া হয়। এসব উদ্যোগ ভবিষ্যতে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।
রিপোর্টার্স২৪/এসসি