সিনিয়র রিপোর্টার: নির্বাচনী মাঠে আইনশৃঙ্খলা বাহিনী বা কোনো পক্ষ বাড়াবাড়ি করছে কি না এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে জানতে চেয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বুধবার (২৮ জানুয়ারি) মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
ইসি সচিব বলেন, রাষ্ট্রদূত জানতে চেয়েছেন ভোটগ্রহণ প্রক্রিয়ায় আমরা কী করছি, কীভাবে ভোট গণনা হবে, কোথায় ফলাফল ঘোষণা করা হবে এবং রেফারেন্ডামের ব্যালটসহ গণনার সময়সীমা কত। এ ছাড়া ব্যালট পেপারের আকার ও আকৃতি সম্পর্কেও তিনি জানতে চান। আমি তাকে ব্যালট পেপারের একটি নমুনাও দেখিয়েছি।
তিনি আরও জানান, নির্বাচনী আচরণবিধি (কোড অব কন্ডাক্ট) বাস্তবায়ন নিয়ে রাষ্ট্রদূত প্রশ্ন করেন। জবাবে ইসি সচিব বলেন, কমিশনের অধীনে একটি কমপ্লেইন ম্যানেজমেন্ট সেল রয়েছে এবং মাঠপর্যায়ে গঠিত অনুসন্ধান কমিটি ও ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে অভিযোগগুলো সমন্বয় ও নিষ্পত্তি করা হচ্ছে।
আখতার আহমেদ বলেন, রাষ্ট্রদূত আরও জানতে চেয়েছেন কোনো এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী বা অন্য কোনো পক্ষের ওভারডুয়িং বা বাড়াবাড়ির কোনো ঘটনা ঘটেছে কি না। আমি তাকে জানিয়েছি, প্রাথমিকভাবে এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। যদি কোথাও এমন কিছু ঘটে থাকে, তা স্থানীয় পর্যায়েই নিষ্পত্তি করা হয়েছে।
তিনি বলেন, নির্দিষ্ট কোনো অভিযোগ বা ঘটনার তথ্য দেওয়া হলে নির্বাচন কমিশন সে বিষয়ে বিস্তারিতভাবে উত্তর দিতে প্রস্তুত রয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি