রিপোর্টার্স২৪ ডেস্ক: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, আসন্ন হজের সকল কার্যক্রম নির্ধারিত রোডম্যাপ অনুসারে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশি হজযাত্রীদের সুবিধার জন্য বাড়িভাড়া চুক্তি শতভাগ সময়মতো সম্পাদনের বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ইতিমধ্যেই কার্যক্রম শুরু করেছে।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহকে সৌজন্য সাক্ষাৎ দিতে এলে ধর্ম উপদেষ্টা এসব কথা জানান।
ড. খালিদ হোসেন বলেন, হজযাত্রীদের জন্য মক্কা ও মদিনায় বাড়িভাড়া চুক্তি সম্পাদনের বিষয়টি নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে। সব হজ এজেন্সিকে নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি সম্পন্ন করার জন্য তাগিদ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই উল্লেখযোগ্য সংখ্যক হজযাত্রীর বাড়িভাড়া চুক্তি সম্পন্ন হয়েছে, বাকি যাত্রীদের চুক্তি ডেডলাইনের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সৌদি রাষ্ট্রদূতও রোডম্যাপ অনুসারে সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় বাড়িভাড়া চুক্তি সম্পাদনের ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বাংলাদেশের সার্বিক হজ কার্যক্রমের অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করেন।
ড. খালিদ হোসেন বলেন, বাংলাদেশের হজযাত্রীর কোটা নির্ধারণে সৌদি আরবের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় আমরা রাষ্ট্রদূতকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ককে আরও মজবুত ও সুসংহত করার পাশাপাশি স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। এই অনুষ্ঠানে ধর্ম সচিব মো. কামাল উদ্দিন, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আয়াতুল ইসলাম ও যুগ্ম সচিব ড. মো. মঞ্জুরুল হক উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ঝুম