| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কক্সবাজার বিমানবন্দর প্রকল্পে ১৫০ কোটি টাকা আত্মসাৎ

বেবিচকের সাবেক প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৮, ২০২৬ ইং | ১৯:২০:১৮:অপরাহ্ন  |  ৮৭১০০৪ বার পঠিত
বেবিচকের সাবেক প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান গ্রেপ্তার
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ও রানওয়ে নির্মাণকাজে প্রায় ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সাবেক প্রধান প্রকৌশলী মো. হাবিবুর রহমানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে দুদকের একটি দল তাকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজির আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

দুদক সূত্রে জানা গেছে, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত ২৭ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলার তদন্তের অংশ হিসেবে সাবেক প্রধান প্রকৌশলী মো. হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হলো।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং আসামি আলামত নষ্ট কিংবা সাক্ষীদের প্রভাবিত করতে পারেন এমন আশঙ্কায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন জানিয়েছে দুদক।

মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন সাবেক সিনিয়র সচিব মুহিবুল হক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব জনেন্দ্রনাথ সরকার, বেবিচকের সাবেক চেয়ারম্যান এম. মফিদুর রহমান, সাবেক প্রধান প্রকৌশলী মো. আব্দুল মালেক, অ্যারোনেস ইন্টারন্যাশনালের মালিক লুৎফুল্লাহ মাজেদ, এমডি মাহবুব আনাম, সাবেক উপসচিব মো. শফিকুল ইসলাম এবং প্রকল্প পরিচালক মো. ইউনুস ভূঁইয়া।

এজাহারে বলা হয়, কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন প্রকল্পে প্রায় এক হাজার ৫০০ কোটি টাকার কাজের মধ্যে ব্যাপক অনিয়মের তথ্য পাওয়া গেছে। প্রচলিত ক্রয়প্রক্রিয়া ও বিধিবিধান লঙ্ঘন করে একটি চীনা প্রতিষ্ঠানকে কার্যাদেশ দিতে সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রত্যক্ষ সহযোগিতা করেন। পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে স্থানীয় এজেন্ট প্রতিষ্ঠান অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের সঙ্গে যোগসাজশে প্রকল্প থেকে অন্তত ১৫০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪