সিলেট প্রতিনিধি: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সিলেট বিভাগের নির্বাচনী প্রস্তুতি প্রত্যাশার চেয়েও ভালো হয়েছে। তিনি বলেন, আমরা যতটুকু আশা করেছিলাম, তার চেয়েও ভালো প্রস্তুতি নিয়েছে সিলেটের প্রশাসন। এবারের প্রস্তুতিতে কোথাও কোনো ঘাটতি নেই।
বুধবার সিলেটের সুবিদবাজারস্থ প্রাইমারি ট্রেনিং সেন্টারের অডিটোরিয়ামে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচনসংক্রান্ত সার্বিক প্রস্তুতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এবারের নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি কিছু কেন্দ্রে ড্রোন ব্যবহার করা হবে। এছাড়া বডিওর্ন ক্যামেরা ও ডগ স্কোয়াডও মাঠে থাকবে। প্রতিটি ভোটকেন্দ্রে ১০ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন, যার মধ্যে ছয়জন পুরুষ ও চারজন নারী। এদের মধ্যে তিনজন থাকবেন সশস্ত্র আনসার।
তিনি আরও বলেন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, র্যাব, বিজিবি, কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত থাকবে। পাশাপাশি মোবাইল টিমও কাজ করবে। তার ভাষায়, অন্য যেকোনো সময়ের তুলনায় এবার নির্বাচন পরিচালনায় সবচেয়ে ভালো প্রস্তুতি নেওয়া হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে কোনো দলের দোসর নেই। সবাই সৎ ও দায়িত্বশীল কর্মকর্তা। একটি অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে সবাই কাজ করছেন, বলেন তিনি।
সরকারি কর্মকর্তাদের গণভোটের পক্ষে প্রচারণা নিয়ে এক নির্বাচন কমিশনারের মন্তব্য প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন, তাই এ নিয়ে কোনো মন্তব্য করবেন না।
মতবিনিময় সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এবং সিলেট বিভাগের কমিশনার খান মো. রেজা-উন-নবী। এছাড়া সিলেট মেট্রোপলিটন পুলিশ, রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা সভায় অংশ নেন।
রিপোর্টার্স২৪/এসসি