রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের উত্থান ঘটেছে। এক লাফে ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা। এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে স্বর্ণের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাল।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই দাম ঘোষণা করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) মূল্য বৃদ্ধির কারণে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। ঘোষিত নতুন দাম আজ থেকেই কার্যকর হবে।
এর আগে চলতি সপ্তাহে কয়েক দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়। গত মঙ্গলবার প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল ৫ হাজার ২৪৯ টাকা। এরপর বুধবার আরও ৭ হাজার ৩৪৮ টাকা বাড়ানো হলে ভরি প্রতি দাম দাঁড়ায় ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা। সর্বশেষ দফায় এক লাফে ১৬ হাজার টাকার বেশি বৃদ্ধির ফলে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছায় স্বর্ণের দাম। এর আগে কখনও এক দফায় এত বড় অঙ্কে দাম বাড়েনি।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে হয়েছে ২ লাখ ৭২ হাজার ৯৯৬ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৯৯৮ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি বিক্রি হবে ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকায়।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। বাজুসের তথ্যমতে, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৮১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৫৭৩ টাকা। ২১ ক্যারেটের রুপার ভরি ৭৫৮ টাকা বাড়িয়ে ৮ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৬৪১ টাকা বাড়িয়ে ৬ হাজার ৯৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৪৬৭ টাকা বাড়িয়ে ৫ হাজার ২৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম