বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানির মাধ্যমে পরিচালনার প্রক্রিয়াকে বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত প্রক্রিয়ার বৈধতা নিয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চ (তৃতীয় বেঞ্চ) এ রায় ঘোষণা করেন।
এর আগে এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের ওপর হাইকোর্টে দ্বিধাবিভক্ত রায় আসে। ২৫ নভেম্বর শুনানি শেষে ৪ ডিসেম্বর রায়ের দিন ধার্য থাকলেও ওইদিন বিচারপতি ফাতেমা নজীব প্রক্রিয়াটিকে অবৈধ ঘোষণা করেন, অন্যদিকে বিচারপতি ফাতেমা আনোয়ার রুল খারিজ করেন। ফলে বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়।
প্রধান বিচারপতি পরবর্তীতে নিষ্পত্তির জন্য মামলাটি বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চে পাঠান। ওই বেঞ্চে বুধবার শুনানি শেষে বৃহস্পতিবার রায় ঘোষণার দিন ধার্য করা হয়।
আদালতে রিটের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম শুনানি করেন। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী মো. আনোয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক শুনানিতে অংশ নেন।
চট্টগ্রাম বন্দরের এনসিটির ব্যবস্থাপনা বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে যুব অর্থনীতি ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হাসান রিট আবেদন করেন। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ৩০ জুলাই হাইকোর্ট রুল জারি করেন।
রুলে বলা হয়, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) আইন লঙ্ঘন করে দেশীয় অপারেটরদের সুযোগ না দিয়ে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে এনসিটি পরিচালনার চুক্তির চলমান প্রক্রিয়া কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না। পাশাপাশি, কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়ার আগে আইন অনুযায়ী ন্যায্য ও প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বানের নির্দেশ কেন দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়।
নৌসচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।
উল্লেখ্য, গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দুবাইভিত্তিক একটি বিদেশি কোম্পানিকে পিপিপি কর্তৃপক্ষের মাধ্যমে এনসিটির ব্যবস্থাপনা দেওয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছিল, তা অন্তর্বর্তী সরকারের আমলে নতুন করে গতি পায়। এ নিয়েই বিভিন্ন মহলে সমালোচনা ও বিরোধিতা দেখা দেয়।
রিপোর্টার্স২৪/এসসি