স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকার বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে প্রতিষ্ঠানটি ড. আনোয়ার ল’ কলেজ নামে পরিচালিত হবে।
৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর কলেজ কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জারি করা অফিস আদেশে বলা হয়, ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে ঢাকা জেলায় অবস্থিত বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন করে ড. আনোয়ার ল’ কলেজ নামে পরিচালিত হবে।
নাম পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আদেশের অনুলিপি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন, সংশ্লিষ্ট দপ্তর প্রধান, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক এবং আইসিটি দপ্তরের পরিচালকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
এ ছাড়া ঢাকার দক্ষিণ কমলাপুর, মতিঝিল এলাকায় অবস্থিত কলেজটির অধ্যক্ষের কাছেও অফিস আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি