স্টাফ রিপোর্টার: শেরপুরের ঝিনাইগাতি উপজেলার নির্বাচনী এলাকায় বুধবার (২৮ জানুয়ারি) সংঘর্ষের ঘটনার পর সংশ্লিষ্ট থানার ওসি (অফিসার্স ইনচার্জ) এবং ইউএনও (উপজেলা নির্বাহী অফিসার)কে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সচিব আখতার আহমেদ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের জানিয়েছেন, গতকাল শেরপুরে একটি অত্যন্ত নিন্দনীয় ঘটনা ঘটেছে। আমাদের আচরণ বিধিতে স্পষ্টভাবে বলা আছে, যেখানে প্রার্থীরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইশতেহার প্রচার করবেন, সেখানে অবশ্যই বিরোধবিহীন পরিবেশ নিশ্চিত করতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই বিধান লঙ্ঘন হয়েছে।
শেরপুরের ঝিনাইগাতিতে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হন। এই ঘটনার প্রেক্ষিতে ইসি প্রশাসনিক পদক্ষেপ হিসেবে সংশ্লিষ্ট কর্মকর্তা প্রত্যাহার করেছেন।
ইসি সচিব আরও জানিয়েছেন, এবারই প্রথমবারের মতো রিটার্নিং কর্মকর্তার আয়োজনের মাধ্যমে এক মঞ্চে বিভিন্ন দলের প্রার্থীদের নিয়ে ভোট প্রচারের ব্যবস্থা করা হয়েছিল। তবে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার বিষয়টি আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ। এই ধরনের ঘটনা যেন আর না ঘটে, তার জন্য প্রশাসনিক পদক্ষেপ জরুরি ছিল, যোগ করেন তিনি।
এ ঘটনায় স্থানীয় ও জাতীয় পর্যায়ে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার বিষয়ে সতর্কবার্তা পাঠানো হয়েছে। ইসি আশা করছে, প্রার্থীরা ভবিষ্যতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রচারণা চালাবেন।
রিপোর্টার্স২৪/এসসি