স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় পার্কিং করা অবস্থায় ভূঁইয়া পরিবহণের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আগুন লাগার সময় বাসটিতে কোনো যাত্রী না থাকায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে সকালবেলার ব্যস্ত সময়ে আগুনের খবর ছড়িয়ে পড়লে এলাকায় সাময়িক আতঙ্ক দেখা দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, সকাল ১০টা ১২ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়।
উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোর্শেদ আলম জানান, বাসটি রাস্তার পাশে পার্কিং করা ছিল। এ সময় চালক ও সহকারী ইঞ্জিন চালু রেখেই নিচে চা পান করতে যান। তখন ইঞ্জিনে আকস্মিক যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়।
তিনি আরও জানান, চালক ও সহকারীর অসতর্কতার কারণে ইঞ্জিন চালু থাকায় অল্প সময়ের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। প্রাথমিক তদন্তে এটি কোনো নাশকতার ঘটনা নয়, বরং যান্ত্রিক ত্রুটিজনিত দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, বাসে কেউ না থাকায় প্রাণহানি না হওয়াটা স্বস্তির। তবে অগ্নিকাণ্ডে বাসটির অভ্যন্তরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনার পর ক্ষতিগ্রস্ত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হলে উত্তরা এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
রিপোর্টার্স২৪/ঝুম