আন্তর্জাতিক ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই সময় রাজনৈতিক সহিংসতা কিংবা উগ্রপন্থী হামলার ঝুঁকি রয়েছে। বিশেষ করে জনসমাবেশ, ভোটকেন্দ্র এবং মসজিদ, মন্দির ও গির্জাসহ ধর্মীয় স্থানগুলো সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দূতাবাস।
মার্কিন দূতাবাস বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের রাজনৈতিক বিক্ষোভ, মিছিল ও বড় ধরনের সমাবেশ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত কর্মসূচিও যেকোনো সময় সহিংস পরিস্থিতিতে রূপ নিতে পারে।
দূতাবাস আরও জানায়, নির্বাচন উপলক্ষে বাংলাদেশ সরকার আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ রাখবে। পাশাপাশি ১০ ফেব্রুয়ারি থেকে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এসব কারণে ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকার মার্কিন দূতাবাসে অনসাইট বা সরাসরি কনস্যুলার সেবা সীমিত থাকবে।
নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে কয়েকটি নির্দেশনা দিয়েছে দূতাবাস। এর মধ্যে রয়েছে বড় ভিড় ও বিক্ষোভপূর্ণ এলাকা এড়িয়ে চলা, স্থানীয় সংবাদমাধ্যম নিয়মিত পর্যবেক্ষণ করা, আশপাশের পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকা, অপ্রয়োজনে বাইরে না যাওয়া, সবসময় চার্জযুক্ত মোবাইল ফোন সঙ্গে রাখা, ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা এবং প্রয়োজনে যাতায়াতের বিকল্প রুট নির্ধারণ করে রাখা। দূতাবাস জানায়, পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সময়ে আরও নির্দেশনা দেওয়া হতে পারে।
রিপোর্টার্স২৪/এসসি