| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শীতের সবজি ৩০–৬০ টাকায়, আলু কম, চাল-মুরগি দাম বেড়েছে

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩০, ২০২৬ ইং | ১২:৩৫:৪৬:অপরাহ্ন  |  ৭৪২২১১ বার পঠিত
শীতের সবজি ৩০–৬০ টাকায়, আলু কম, চাল-মুরগি দাম বেড়েছে

রিপোর্টার্স২৪ ডেস্ক: আজ মাঘ মাসের ১৯ তারিখ। রাজধানীতে শীতের তীব্রতা কম থাকলেও দেশের বিভিন্ন অঞ্চলে শীতের প্রভাব এখনও দৃঢ়। ফলে শীতের সবজি বাজারে সহজলভ্য ও সহনীয় দামে পাওয়া যাচ্ছে।

বাজারে দেখা গেছে, ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৩০–৪০ টাকা, শিমের বিভিন্ন প্রকারভেদ প্রতি কেজি ৩০–৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া কুমড়া, মুলা, পেপে, শালগম, ব্রকলিসহ আরও কিছু শীতকালীন সবজি ৬০ টাকার নিচে পাওয়া যাচ্ছে। আলুর দাম আরও কমেছে, কেজিতে প্রায় ১৫ টাকা বেড়েছে সুগন্ধি চালের দাম।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর আজিমপুর, হাতিরপুল, নিউমার্কেট, মোহাম্মদপুরসহ বিভিন্ন বাজারে এমন চিত্র দেখা গেছে। নিউমার্কেট কাঁচাবাজারের সবজি বিক্রেতা সালাম হোসেন বলেন, শীতের সবজি সহনীয় দামেই বিক্রি হচ্ছে। শীতের সবজির সরবরাহ ভালো থাকায় দামও বেশ সহনীয়। শসার দাম একটু বাড়তি। রোজার আগে শসার দাম কমার সুযোগ কম।

কেজিতে ৫ থেকে ১০ টাকা কমে প্রতিকেজি আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। আজিমপুর বাজারের ব্যবসায়ী জামাল উদ্দিন বলেন, নতুন আলুর সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমে গেছে। গত বছরের মতো এবারও আলুচাষিরা দাম না পেয়ে ক্ষতির মুখে পড়ছেন।

রোজা সামনে রেখে সুগন্ধি চালের দাম বাড়িয়েছেন সরবরাহকারীরা। সুগন্ধি চালের প্যাকেটজাত প্রতি কেজি সর্বোচ্চ খুচরা মূল্য ১৭৫ টাকা ধরে দিয়েছে সরবরাহকারীরা যা গত সপ্তাহে ছিল ১৬০ টাকার মধ্যে। বিক্রেতারা বলছেন, রোজা ও ঈদে বাড়তি চাহিদাকে কেন্দ্র করে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো সুগন্ধি চালের দাম বাড়িয়েছেন।

গত দুই সপ্তাহ দুয়েক ধরে কিছুটা চড়া দামে স্থিতিশীল হয়ে আছে ব্রয়লার মুরগির দাম। প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৮৫ টাকার মধ্যে। যদিও জানুয়ারির শুরুতে তা বিক্রি হয়েছে ১৬৫ থেকে ১৭৫ টাকায়। প্রতি ডজন ফার্মের ডিম বাজারভেদে ১১০ থেকে ১২০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।  

হাতিরপুল বাজারে মুরগি কিনতে এসে গৃহিণী শামসুন নাহার বলেন, দীর্ঘদিন ১৬০ টাকা কেজি গেছে ব্রয়লার মুরগি। ডিসেম্বর শেষে আয়োজন থাকে মানুষের বাসায় তখনও ১৬০ টাকা ছিল। এখন রোজা উপলক্ষে ২৫ টাকা বেড়ে গেছে। সিন্ডিকেট করে পকেট কাটা হচ্ছে, অথচ দেখার কেউ নেই। 

এছাড়া মানভেদে প্রতিকেজি আদা ও রসুন ১৪০-২২০ টাকায়, পেঁয়াজ ৫০-৭০ টাকায়, ছোলা ৮০-১০০ টাকায়,  চিনি ৯৮-১০৫ টাকায়,  মানভেদে মশুর ডাল ৮০-১২০ টাকায়, গরু মাংস ৭৫০-৮৫০ টাকায় বিক্রি হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪