ময়মনসিংহ প্রতিনিধি: জামিননামা ছাড়াই ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়া একটি হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব-১৪।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে র্যাব-১৪-এর অধিনায়ক নয়মুল হাসান এক প্রেস ব্রিফিংয়ে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
গ্রেপ্তার আসামিরা হলেন- মো. আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম। তাদের বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার তারাটি গ্রামে। তারা সবাই একটি হত্যা মামলার আসামি হিসেবে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।
এর আগে মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে কোনো জামিননামা ছাড়াই কারা কর্তৃপক্ষ তাদের মুক্তি দেয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করা হয়নি।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) গণমাধ্যমে বিষয়টি প্রকাশ পেলে প্রশাসন ও বিভিন্ন মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পরপরই তদন্ত শুরু করে কর্তৃপক্ষ।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রিপোর্টার্স২৪/আয়েশা