রিপোর্টার্স২৪ ডেস্ক: সেনাবাহিনীর যৌথ অভিযানে সারা দেশে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, ককটেল, দেশীয় অস্ত্র এবং দেশি-বিদেশি মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় ৫০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ তথ্য শুক্রবার (৩০ জানুয়ারি) এক বার্তায় জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, ২৩-২৯ জানুয়ারি পর্যন্ত পরিচালিত যৌথ অভিযানে সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী, মাদক কারবারি, মাদকাসক্ত, ডাকাত, কিশোর গ্যাং ও চোরাকারবারিসহ ৫০৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের কাছ থেকে ৪৮টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৭৫ রাউন্ড গোলাবারুদ, ৯৫টি ককটেল, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তাদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আইএসপিআর আরও জানিয়েছে, দেশব্যাপী জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী নিয়মিত টহল এবং নিরাপত্তা অভিযান চালাচ্ছে। পাশাপাশি শিল্পাঞ্চলে উদ্ভূত শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও তারা যথাযথ দায়িত্ব পালন করছে। দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ জনগণকে অনুরোধ করা হচ্ছে, কোনো সন্দেহজনক বা অস্বাভাবিক কার্যকলাপ লক্ষ্য করলে তা নিকটস্থ সেনা ক্যাম্পে অবহিত করতে।
আইএসপিআর জানিয়েছে, আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণার পর ১১ ডিসেম্বর থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত মোট ১,৫০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে উদ্ধার করা হয়েছে ১৫৩টি অস্ত্র এবং ১,৮৩৪ রাউন্ড গোলাবারুদ।
রিপোর্টার্স২৪/আয়েশা