| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোট ছাড়াই দেশে ফিরেছে ১১,২২৬ পোস্টাল ব্যালট

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩১, ২০২৬ ইং | ০০:০৩:৩৫:পূর্বাহ্ন  |  ৮৫৫১৭২ বার পঠিত
ভোট ছাড়াই দেশে ফিরেছে ১১,২২৬ পোস্টাল ব্যালট

রিপোর্টার্স২৪ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রবাসে অবস্থানরত ভোটার, ভোটগ্রহণ কার্যক্রমে নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই পদ্ধতির আওতায় প্রবাসী ভোটাররা ইতোমধ্যে ব্যালটে ভোট প্রদান করে ডাকযোগে তা দেশে ফেরত পাঠানো শুরু করেছেন। তবে ভোটারদের সঠিক ঠিকানায় খুঁজে না পাওয়ায় ১১ হাজারের বেশি পোস্টাল ব্যালট ভোট ছাড়াই বাংলাদেশে ফেরত এসেছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) নির্বাচন কমিশনের পোস্টাল ভোট সংক্রান্ত ওয়েবসাইট ‘পোস্টাল ভোট বিডি’ থেকে প্রাপ্ত তথ্যে এ তথ্য জানা গেছে।

ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা পর্যন্ত বাংলাদেশ থেকে মোট ৭ লাখ ৬৭ হাজার ১৮৮টি পোস্টাল ব্যালট বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ১৭ হাজার ৯৪টি ব্যালট সংশ্লিষ্ট ভোটারদের হাতে পৌঁছেছে। প্রাপ্ত ব্যালটের মধ্যে ৪ লাখ ৫৬ হাজার ২৪১টিতে ভোট প্রদান সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

ভোটদান শেষে এখন পর্যন্ত ৪ লাখ ৮ হাজার ৬৮৪ জন ভোটার ডাকযোগে তাদের ব্যালট ফেরত পাঠিয়েছেন। এর মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৭৬৩টি পোস্টাল ব্যালট ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে এবং সেগুলো যাচাই-বাছাই প্রক্রিয়ায় রয়েছে।

তবে নির্বাচন কমিশনের তথ্যে দেখা গেছে, ভোটারদের নির্দিষ্ট ঠিকানায় পাওয়া না যাওয়ায় বা ঠিকানা সংক্রান্ত জটিলতার কারণে ১১ হাজার ২২৬টি পোস্টাল ব্যালট কোনো ভোট ছাড়াই দেশে ফেরত এসেছে। ফলে এসব ব্যালটে ভোট প্রদানের সুযোগ হারিয়েছেন সংশ্লিষ্ট ভোটাররা।

নির্বাচন কমিশন সূত্র জানায়, অনেক ক্ষেত্রে প্রবাসী ভোটারদের দেওয়া ঠিকানা অসম্পূর্ণ বা পরিবর্তিত হওয়ায় ডাক কর্তৃপক্ষ ব্যালট সরবরাহ করতে পারেনি। এছাড়া কিছু দেশে ডাক ব্যবস্থার ধীরগতিও একটি বড় কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।

উল্লেখ্য, চলতি নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার নিবন্ধন করেছেন। নির্বাচন কমিশনের আশা, বাকি ব্যালটগুলো সময়মতো দেশে পৌঁছালে প্রবাসী ভোটারদের অংশগ্রহণ আরও বাড়বে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪