স্টাফ রিপোর্টার: রাজধানীর ওয়ারী এলাকায় অবস্থিত ‘ওয়ারী পাস্তা ক্লাব’ নামের একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে ওয়ারী থানাধীন দিন বাটা শোরুম ভবনের তৃতীয় তলায় অবস্থিত ওই রেস্টুরেন্টের রান্নাঘরে বিস্ফোরণটি ঘটে।
আহতরা হলেন— শাহ আলম (৪৫), ইউনুস (৩০), সৌরভ (২৫), মেহেদী (২৫), মোস্তফা (২৭), আবির (২২), জসিম (২৮) ও কামরুল (২০)। তারা সবাই রেস্টুরেন্টের কর্মচারী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ইউসুফ শেখ জানান, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হলে পুরো ভবন কেঁপে ওঠে। শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। রান্নাঘর থেকে ধোঁয়া বের হতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ও পথচারীদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে রাত আনুমানিক ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. হারুন অর রশিদ জানান, ওয়ারীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দুজন দগ্ধ রোগী বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে কামরুলের শরীরের প্রায় ৮ শতাংশ এবং জসিমের শরীরের প্রায় ৩ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তারা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ও আহতসহ মোট ৮ জনকে হাসপাতালে আনা হয়। আহতদের মধ্যে কয়েকজনের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হবে। গুরুতর দগ্ধ দুজনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
এদিকে বিস্ফোরণের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে লিকেজের কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর ওই ভবনের অন্যান্য তলার অফিস ও বাসার লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে ভবনের আশপাশে লোকজনকে সতর্ক থাকতে বলা হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি