নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছোড়ার ঘটনায় মাইনুল ইসলাম জিয়া (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১১। অভিযানে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তলসহ একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।
র্যাব-১১-এর অপারেশনস অফিসার মো. রওনক এরফান খান শুক্রবার (৩০ জানুয়ারি) দিনগত রাতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সোনারগাঁও উপজেলার পাঁচানী এলাকায় নদীর পাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে মাহি ও জিয়া নামের দুই যুবককে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়তে দেখা যায়। ওই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে স্থানীয়দের মধ্যে ভীতি ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।
র্যাব কর্মকর্তা জানান, ভিডিওটি নজরে আসার পরপরই র্যাব-১১ ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেল আনুমানিক ৪টার দিকে র্যাব-১১-এর একটি আভিযানিক দল সোনারগাঁও থানার পাঁচানী এলাকায় অভিযান চালিয়ে মাইনুল ইসলাম জিয়াকে গ্রেপ্তার করে।
অভিযানকালে জিয়ার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, সাতটি টেটা, তিনটি চাপাতি এবং একটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত জিয়া নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পশ্চিম ভোলাইল এলাকার বাসিন্দা। তার বাবার নাম মোজা মিয়া।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার জিয়ার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও গুলি ছোড়ার মতো ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।