রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের দাম নতুন করে বড় হারে কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (৩১ জানুয়ারি) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইস অ্যান্ড প্রাইস মনিটরিং সভায় নতুন দাম ঘোষণা করা হয়।
নতুন নির্ধারিত মূল্যে ২২ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণের প্রতি গ্রামের দাম ধরা হয়েছে ২১,৯১৫ টাকা। দেশীয় পরিমাপ অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২,৫৫,৬১৭ টাকা।
এছাড়া ২১ ক্যারেট হলমার্ক স্বর্ণের প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে ২০,৯২০ টাকা (ভরিতে ২,৪৪,১০ টাকা), ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১৭,৯৩০ টাক প্রতি গ্রাম (ভরিতে ২,০৯,১৩৫ টাকা), এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি গ্রামে ১৪,৭৩৫ টাকা (ভরিতে ১,৭১,৮৬৯ টাকা)।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬% অবশ্যই যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরি পরিবর্তিত হতে পারে।
এর আগে শুক্রবার (৩০ জানুয়ারি) স্বর্ণের দাম প্রতি ভরিতে ১৪,৬৩৮ টাকা কমানো হয়েছিল। চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ১৮ বার সমন্বয় করা হয়েছে যার মধ্যে ১৩ বার দাম বাড়ানো হয়েছে এবং ৫ বার কমানো হয়েছে। ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার বাড়ানো ও ২৯ বার কমানো হয়েছিল।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন মূল্যে ২২ ক্যারেট রুপা প্রতি ভরিতে ৭,৩০২ টাকা, ২১ ক্যারেট ৬,৯৪০ টাকা, ১৮ ক্যারেট ৫,৯৪৯ টাকা, এবং সনাতন পদ্ধতির রুপা ৪,৪৩২ টাকায় বিক্রি হচ্ছে। চলতি বছরে রুপার দাম ১৪ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৯ বার বৃদ্ধি এবং ৫ বার হ্রাস করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম