রিপোর্টার্স ডেস্ক: কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহত হওয়ার ঘটনায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন কৃষিমন্ত্রী, খাদ্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। রোববার (২২ মার্চ) বেলা ১১টায় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
পরিদর্শনের পর তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সব রেলক্রসিংকে অটোমেটিক গেটে (Auto Gate) পরিণত করার পরিকল্পনা করা হবে। “বিশ্বের অন্যান্য দেশে এই সব গেট আধুনিক করা হয়েছে। নির্দিষ্ট স্থানে ট্রেন পৌঁছালে গেট নিজেই বন্ধ হয়ে যায়। আজকের দুর্ঘটনা গেটম্যান না থাকার কারণে হয়েছে। অটো গেট থাকলে এটি প্রতিরোধ করা যেত, তিনি বলেন।
মোহাম্মদ আমিন উর রশিদ আরও বলেন, দ্রুততম সময়ের মধ্যে হাইওয়ে এলাকার সব রেলগেট অটোমেশন সিস্টেমে রূপান্তর করা হবে।
পরিদর্শনে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া এবং জেলা প্রশাসক মু. রেজা হাসান।
এর আগে, শনিবার (২১ মার্চ) রাত ২:৫৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাওয়া মামুন পরিবহনের বাসের সঙ্গে ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনের সংঘর্ষে ঘটনাস্থলেই ৭ পুরুষ, ২ নারী ও ৩ শিশুর মৃত্যু হয়।
রিপোর্টার্স২৪/ঝুম