রিপোর্টার্স২৪ডেস্ক: গত এক যুগে বাংলাদেশকে মোট ৬ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক সহায়তা দিয়েছে ভারত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং।শুক্রবার ভারতের লোকসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান।
লোকসভার সদস্য টি. আর. বালু ২০১৪ সাল থেকে বাংলাদেশে ভারতের আর্থিক সহায়তার বিস্তারিত জানতে চাইলে জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রতিবেশী ও জনগণকেন্দ্রিক নীতির ভিত্তিতে ভারত বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সহায়তা দিয়ে যাচ্ছে।
তিনি জানান, এই সহায়তার মধ্যে দুটি বড় ‘লাইন অব ক্রেডিট’সহ বিভিন্ন প্রকল্পভিত্তিক অনুদান রয়েছে। পাশাপাশি মানবিক সহায়তা, দুর্যোগ ত্রাণ, সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন কর্মসূচিতেও ভারত সহযোগিতা করছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারত ও বাংলাদেশের গভীর ঐতিহাসিক, ভৌগোলিক, সাংস্কৃতিক, ভাষাগত ও সামাজিক সম্পর্ক রয়েছে। তিনি একটি গণতান্ত্রিক, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেন।
এদিকে আলোচনায় বাংলাদেশি পণ্য তৃতীয় দেশে রপ্তানির ক্ষেত্রে ভারতের বন্দর ব্যবহারের সুবিধা বাতিলের বিষয়টিও উঠে আসে। এ বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, অতীতে এ সুবিধা দেওয়ার সময় ভারতের নিজস্ব রপ্তানির তুলনায় বাংলাদেশি পণ্যকে অগ্রাধিকার দেওয়া হয়নি।
এই নীতিতে পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, বিষয়টি প্রাসঙ্গিক সব দিক বিবেচনা করে দেখা হবে।
দ্বিপক্ষীয় সম্পর্ক তিক্ত হয়েছে কি না,এমন প্রশ্নের জবাবে কীর্তি বর্ধন সিং বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে উচ্চপর্যায়ের যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত থাকবে। সূত্র:বিডি নিউজ
রিপোর্টার্স২৪/এসসি