সিনিয়র রিপোর্টার: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। নতুন নিয়মে আর আগের মতো পৃথক শিক্ষক নিবন্ধন সনদ পরীক্ষায় অংশ নিতে হবে না প্রার্থীদের।
নতুন ব্যবস্থায় সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেখানে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। এরপর প্রার্থীদের প্রথমে বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষায় অংশ নিতে হবে। এই ধাপে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার (ভাইভা) জন্য ডাকা হবে। উভয় ধাপ সফলভাবে সম্পন্ন করলেই প্রার্থীকে নিয়োগের জন্য যোগ্য হিসেবে বিবেচনা করা হবে।
এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম জানিয়েছেন, এ পদ্ধতিতে প্রথমবারের মতো সরাসরি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে। ইতোমধ্যে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে তা শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো হবে। অনুমোদন পাওয়া মাত্রই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, যা শিগগিরই আসতে পারে বলে আশা করা হচ্ছে।
এনটিআরসিএ সূত্রে জানা গেছে, বর্তমানে সারা দেশের স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৭৭ হাজার ৭৯৯টি পদ শূন্য রয়েছে। যাচাই শেষে এসব পদ নিয়োগ বিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত করা হবে।
নতুন নিয়ম অনুযায়ী, এমসিকিউ পরীক্ষা হবে ২০০ নম্বরের এবং মৌখিক পরীক্ষা থাকবে ২০ নম্বরের। প্রতিটি ধাপেই ন্যূনতম ৪০ শতাংশ নম্বর অর্জন বাধ্যতামূলক থাকবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের এনটিআরসিএ থেকে নিয়োগের জন্য সনদ প্রদান করা হবে।
বর্তমানে দেশে ৩৪ হাজার ১২৯টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৫ লাখ ৯৮ হাজার শিক্ষক এবং ২ লাখ ৬ হাজারের বেশি কর্মচারী কর্মরত রয়েছেন।
রিপোর্টার্স২৪/এসসি