| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে : শফিকুর রহমান

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৫, ২০২৬ ইং | ১৪:২১:১৯:অপরাহ্ন  |  ১১৬১ বার পঠিত
বিএনপি ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে : শফিকুর রহমান

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপি প্রত্যেকটি বিষয়ে পালিয়ে যাওয়ার মতো আচরণ করে ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত এক সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, বিএনপির সঙ্গে একসময় তারা একসঙ্গে মজলুম ছিল। কিন্তু এখন সেই দলটি একই ধরনের আচরণ করছে যা অতীতে ক্ষমতাসীনরা করেছিল বলে অভিযোগ করেন তিনি। তার ভাষায়, আপনারা হাজার চেষ্টা করলেও ওই আওয়ামী লীগ হতে পারবেন না; বড়জোর দুর্বল আওয়ামী লীগ হতে পারবেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, অতীতে যেভাবে ক্ষমতাসীন দল বিরোধীদের অবমূল্যায়ন করত, এখন বিএনপিও একই ধরনের আচরণ শুরু করেছে বলে তিনি মনে করেন। এটি জাতির সঙ্গে প্রতারণার শামিল বলেও মন্তব্য করেন তিনি।

তিনি দাবি করেন, রাষ্ট্রের মৌলিক সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বিএনপি বিরোধিতা করছে, যা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে।

জামায়াত আমির বলেন, বিএনপির দেওয়া ৩১ দফা সংস্কার কর্মসূচির বিরোধিতা তাদের নিজেদের অবস্থানকেই প্রশ্নবিদ্ধ করছে।

তিনি আরও অভিযোগ করেন, বিএনপি আন্দোলন-সংগ্রামের ইতিহাস ভুলে গেছে এবং শহীদ ও আহতদের প্রতি যথাযথ সম্মান দেখায়নি।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের ফলেই বর্তমান পরিবর্তন এসেছে। কিন্তু এখন কেউ কেউ নিজেদের ‘মাস্টারমাইন্ড’ দাবি করছে যা তিনি ভিত্তিহীন বলে মন্তব্য করেন।

তিনি দাবি করেন, আন্দোলনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছিল এবং সম্মিলিত চেষ্টাতেই পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান ও সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ক্যাম্পাসগুলোতে দা-কুড়াল নয়, খাতা-কলমের পরিবেশ ফিরিয়ে আনতে হবে। শিক্ষাঙ্গনে সহিংস রাজনীতি বন্ধের আহ্বান জানান তিনি।

তিনি সতর্ক করে বলেন, জনগণের রায় উপেক্ষা করা হলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হতে পারে। প্রয়োজনে সংসদ ও রাজপথ দুই জায়গাতেই আন্দোলন চলবে বলেও মন্তব্য করেন তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪