| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুদ্ধ প্রস্তুতিতে তোড়জোড় যুক্তরাষ্ট্রের, এরমধ্যেই আলোচনায় বসার ইঙ্গিত

reporter
  • আপডেট টাইম: জুন ১৮, ২০২৫ ইং | ০৩:২৫:২৩:পূর্বাহ্ন  |  ১৬৯৩৮১২ বার পঠিত
যুদ্ধ প্রস্তুতিতে তোড়জোড় যুক্তরাষ্ট্রের, এরমধ্যেই আলোচনায় বসার ইঙ্গিত
ছবির ক্যাপশন: যুদ্ধ প্রস্তুতিতে তোড়জোড় যুক্তরাষ্ট্রের, এরমধ্যেই আলোচনায় বসার ইঙ্গিত

রিপোর্টার্স২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরান ও ইসরাইল সংঘাত ঘিরে রণ প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। আবারও ইরানের শর্তহীন আত্মসমর্পণ চেয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে ট্রাম্প বলেন, আমেরিকাকে টেক্কা দেয়া সহজ নয়। এসবের মধ্যেই চলতি সপ্তাহে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা হওয়ার খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম।

ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, ‘আমাদের ধৈর্য্য ক্রমশ ভেঙে যাচ্ছে’, এবং তারপর পোস্ট করেন: ‘নিঃশর্ত আত্মসমর্পণ!’

ইরান ও ইসরাইল সংঘাতে সরাসরি না জড়ানোর কথা বারবার বললেও তেহরানের ওপর নানামুখী চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এরইমধ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের বিমান ঘাঁটিগুলোতেও জোরদার করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা।

মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে প্রায় ৩০ হাজার মার্কিন সেনা মোতায়েন থাকলেও বর্তমানে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজারে।

একদিকে যুদ্ধ প্রস্তুতি অপরদিকে আলোচনার দ্বারও খোলা রেখে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। উদ্দেশ্য একটাই- যেকোনো উপায়ে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা এবং দেশটির শর্তহীন আত্মসমর্পণ। অনেক বিশ্লেষক বলছেন, ইরানের শাসকগোষ্ঠীতে পরিবর্তন আনাই লক্ষ্য। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু চান, ট্রাম্প যেন যুদ্ধে যোগ দেন এবং ফোর্দোতে বোমা হামলা করেন।

রক্তক্ষয়ী সংঘর্ষ ও মার্কিন হুমকির মধ্যেই ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সম্ভাবনার কথা জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। বৈঠকের প্রস্তুতিও নিচ্ছে ওয়াশিংটন। বিভিন্ন নির্ভরযোগ্যে সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যে বৈঠকের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে স্টিভ উইটকফ অথবা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে পাঠানোর কথা ভাবছেন। এমনটাই জানিয়েছেন, মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদক।

কানাডা থেকে ওয়াশিংটন ডিসিতে ফেরার পথে বিমানে ট্রাম্পের সফরসঙ্গী ওই প্রতিবেদক এক্সে শেয়ার করা পোস্টে আরও জানান, ইরানের পারমাণবিক সমস্যার প্রকৃত সমাধান চান ট্রাম্প। বৈঠকের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। তবে সূত্র জানিয়েছে, যুদ্ধ এড়িয়ে চুক্তির পথে ফেরার এটি হবে প্রেসিডেন্ট ট্রাম্পের শেষ চেষ্টা।

এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র অ্যালেক্স ফাইফার জানান, মার্কিন বাহিনী এখনো আত্মরক্ষামূলক অবস্থানে রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এখনো একটি শান্তিপূর্ণ সমাধান চান বলে ফক্স নিউজকে জানিয়েছে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও।

ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও পদক্ষেপ নিতে পারেন বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এক পোস্টে তিনি বলেন, ইরান প্রয়োজনের চেয়ে অনেক বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা উদ্বেগজনক। এ সমৃদ্ধকরণ বন্ধ করতে প্রেসিডেন্ট ট্রাম্প আরও কিছু করার সিদ্ধান্ত নিতে পারেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪