স্টাফ রিপোর্টার: দেশের ইতিহাসে মাত্র দুই মাসে কোনো সরকার বিএনপির মতো এত দ্রুত জনপ্রিয়তা হারায়নি বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান-এ আয়োজিত ‘জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধা জাতীয় সমাবেশে’ তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্টের পর থেকে সংস্কার কার্যক্রমে বাধা দিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তাঁর ভাষায়, যে দল গণভোটের মাধ্যমে আত্মপ্রকাশ করেছিল, তারাই এখন জুলাই-পরবর্তী গণভোটকে অস্বীকার করছে। এতে তারা নিজেদের অবস্থানকেই প্রশ্নবিদ্ধ করছে।
তিনি আরও অভিযোগ করেন, বিএনপি সরকার পুরোনো স্বৈরাচারী ধারার দিকে দেশকে ঠেলে দিতে চাইছে। এমন পরিস্থিতিতে জনগণ ও তরুণ সমাজ প্রতিরোধ গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
বিএনপি জনগণের মনোযোগ ভিন্ন খাতে নিতে বিভিন্ন কর্মসূচি দিচ্ছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। অথচ বাস্তবে জ্বালানি সংকট, অর্থনৈতিক চাপ ও আইনশৃঙ্খলার অবনতি অস্বীকার করছে সরকার।
বিরোধী দলীয় চিফ হুইপ দাবি করেন, দেশের স্বার্থে তাঁর দল সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত ছিল। কিন্তু বিএনপি সরকার সেই সুযোগ নিচ্ছে না। বাংলাদেশের ইতিহাসে এত কম সময়ে কোনো সরকার এতটা অজনপ্রিয় হয়েছে কি না—তা নিয়ে প্রশ্ন রয়েছে, যোগ করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, তারা দেশে অস্থিতিশীলতা চান না। তাদের মূল দাবি হলো—গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে জুলাই আন্দোলন, শহিদ পরিবার ও আহতদের যথাযথ সম্মান নিশ্চিত করা।
সমাবেশে ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া সারাদেশ থেকে আগত জুলাই আন্দোলনের শহিদ পরিবারের সদস্য, আহত ও পঙ্গুত্ববরণকারী অংশগ্রহণকারীরা এবং বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারাও সমাবেশে যোগ দেন।