রিপোর্টার্স২৪ ডেস্ক: চলতি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁস সংক্রান্ত প্রচারিত সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এ বিষয়ে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় স্পষ্ট অবস্থান তুলে ধরে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন নিউজ পোর্টালে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্র (১০১)-এর প্রশ্ন সকল বোর্ডে ফাঁস হয়েছে এমন একটি সংবাদ ছড়িয়ে পড়েছে, যা সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, গত ২১ এপ্রিল বাংলা প্রথম পত্র এবং ২৩ এপ্রিল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসব পরীক্ষায় কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার একদিন পর প্রশ্নফাঁসের এ ধরনের সংবাদ ছড়িয়ে পড়ে, যা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অযথা উদ্বেগ সৃষ্টি করেছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়, প্রকৃতপক্ষে প্রশ্নফাঁসের এই প্রচারণা একটি গুজব, যা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডে মন্ত্রণালয় বা এর অধীনস্থ কোনো দপ্তরের কর্মকর্তা-কর্মচারীর সম্পৃক্ততা নেই বলেও স্পষ্ট করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, এ ধরনের গুজবে বিশ্বাস করে কেউ যেন কোনো প্রকার অর্থ লেনদেন না করেন। পাশাপাশি প্রশ্নফাঁস সংক্রান্ত কোনো অপপ্রচার নজরে এলে তা দ্রুত শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করার জন্যও অনুরোধ জানানো হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম