| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রমিকদের অধিকার নিয়ে সোচ্চার জামায়াত আমির, এবার জাপান সফরে

reporter
  • আপডেট টাইম: মে ০২, ২০২৬ ইং | ০৭:০১:১৩:পূর্বাহ্ন  |  ৩০৩০ বার পঠিত
শ্রমিকদের অধিকার নিয়ে সোচ্চার জামায়াত আমির, এবার জাপান সফরে

স্টাফ রিপোর্টার: বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বছরের ৩৬৪ দিন শ্রমিকদের দাবি ভুলে থাকলেও পহেলা মে এলে সবাই শ্রমিক দরদি হয়ে ওঠে। শ্রমিকদের প্রয়োজন ও মর্যাদাকে উপেক্ষা করে কোনো সমাজ টেকসই হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

মে দিবস উপলক্ষে শুক্রবার (১ মে) বিকেলে রাজধানীর গুলিস্তানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এ সমাবেশের আয়োজন করে।

ডা. শফিকুর রহমান বলেন, সংসদীয় রাজনীতিতে সংসদই হবে সবকিছুর কেন্দ্রবিন্দু। “আমরা সেখানে গালগল্প করতে যাইনি, ইতিহাসের ছাত্র হতেও যাইনি। আমরা গেছি দেশের দুঃখী মানুষের কথা বলতে।”

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিক সমাবেশে সরকারি ও বিরোধী দলের নেতারা শ্রমিকদের অধিকার ও দুর্দশা নিয়ে কথা বলেন। কিন্তু দীর্ঘ সময়েও তাদের দেওয়া প্রতিশ্রুতির সামান্য অংশও বাস্তবায়িত হয়নি।

বামপন্থি রাজনীতির সমালোচনা করে জামায়াত আমির বলেন, আন্দোলনের সময় কিছু নেতা সামনে থাকলেও শেষ পর্যন্ত সাধারণ শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হয় না। তিনি বলেন, আমরা খতমের রাজনীতিতে বিশ্বাসী নই। আমরা পারস্পরিক শ্রদ্ধা, মর্যাদা ও ভালোবাসার রাজনীতিতে বিশ্বাস করি।

সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, মহানবী (সা.) প্রদত্ত শ্রমনীতি বাস্তবায়ন করা গেলে শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার নিশ্চিত হতো।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, সামনের দিনে ভোট নিয়ে কাউকে তামাশা করতে দেওয়া হবে না। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার আওয়ামী লীগের ধাঁচে দেশ পরিচালনার চেষ্টা করছে। একই সঙ্গে গণভোটের রায় দ্রুত কার্যকরের দাবি জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের নায়েবে আমির আ ন ম শামসুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন এবং ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি সিবগাতুল্লাহ। সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আতিকুর রহমান।

এদিকে, এক সপ্তাহের সফরে শনিবার দিবাগত রাতে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়বেন ডা. শফিকুর রহমান। দলীয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরে তার সঙ্গে থাকবেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি। আগামী ৯ মে তার দেশে ফেরার কথা রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪