স্টাফ রিপোর্টার: আমরা চাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বারবার সীমান্ত রক্তাক্ত করবেন; এভাবে ভালো সম্পর্ক হবে না। ভারতের উদ্দেশে এমনই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সীমান্তে হত্যা থামছে না, রক্তপাত কবে বন্ধ হবে? এমনই প্রশ্ন রেখে তিনি বলেন, শনিবারও (৯ মে) ব্রাহ্মণবাড়িয়ায় দুজনকে গুলি করা হয়েছে। এ ধরনের আচরণ ভারতের মানুষও চায় না।
রবিবার (১০ মে) সকালে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ৪৫ তম জাতীয় কাউন্সিলে বক্তব্যকালে এসব কথা বলেন রিজভী। ইঞ্জিনিয়ার কাজী সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার কবীর হোসেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী যদি প্রতিনিয়ত জনগণকে উদ্বুদ্ধ করতে পারেন, আমরাও পারবো। জনগণ এ রকম নেতৃত্বই চেয়েছে। বিশেষজ্ঞরা এখনও বলেন, জিয়াউর রহমান যেসব যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন, সেই ধারাবাহিকতাতেই আমরা এখানে এসেছি। আশা করি, তার উত্তরসূরী তারেক রহমানও পারবেন। তিনি আরও বলেন, অতীতের মতো ১০ টাকা কেজি চাল দেবো, ঘরে ঘরে কাজ দেবো; এ ধরনের ফাঁপা প্রতারণামূলক কোনও অঙ্গীকার তারেক রহমান করেননি।
রিজভী বলেন, ধূসর মরুভূমি সিঙ্গাপুর যদি আজকে এতদূর আগাতে পারে, আমাদের নদী-নালার দেশ, আমরা এসব সংস্কার করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবো। সে ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব