| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এনজিওর ঋণের ৬ লাখ টাকা ছিনতাই, উদ্ধারসহ ৩ জন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মে ১২, ২০২৬ ইং | ১২:২৪:৫১:অপরাহ্ন  |  ৪৬৫৫ বার পঠিত
এনজিওর ঋণের ৬ লাখ টাকা ছিনতাই, উদ্ধারসহ ৩ জন গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে এনজিও থেকে ঋণ নেওয়া এক নারীর কাছ থেকে ছিনতাইকৃত ৬ লাখ টাকা উদ্ধারসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আরও একজন পলাতক রয়েছে।

পুলিশ জানায়, মহেশপুর উপজেলার পান্তাপাড়া গ্রামের সেলিনা বেগম (৫০) একটি এনজিও থেকে ৬ লাখ টাকা ঋণ নেন। সোমবার (১১ মে) তিনি চুয়াডাঙ্গার জীবননগরের একটি ব্যাংক থেকে ওই টাকা উত্তোলন করে তার ভাতিজা লিটনের মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।

বিকেলে মহেশপুর উপজেলার মথুরানগর এলাকার দত্তনগর-জলিলপুর সড়কে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী সেলিনা বেগমের হাত থেকে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পরপরই মহেশপুর থানা পুলিশ অভিযান শুরু করে। ঘটনাস্থলের আশপাশের বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একটি ইয়ামাহা ফেজার মোটরসাইকেল শনাক্ত করা হয়। পরে মোটরসাইকেলের সূত্র ধরে জলিলপুর গ্রামের আয়ুব হোসেনের ছেলে আমিনুর রহমান খানকে (২৪) আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আমিনুর ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং তার বাড়িতে ছিনতাইকৃত টাকা রাখা আছে বলে পুলিশকে জানায়। পরে রাত ৮টার দিকে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে ৬ লাখ টাকা উদ্ধার করে।

পুলিশ আরও জানায়, সেলিনা বেগমের সঙ্গে থাকা তার ভাতিজা লিটন শেখ (৪০) ছিলেন পুরো ঘটনার মূল পরিকল্পনাকারী। পরিকল্পনা অনুযায়ী আমিনুর রহমান খান, শাওন বদ্দি (২৩) ও মোস্তফা জামান ওরফে বরকত বিশ্বাস (৪৭) মিলে ছিনতাইয়ের পরিকল্পনা করে। ঘটনার সময় আমিনুর ও শাওন মোটরসাইকেলে করে সেলিনা বেগমদের অনুসরণ করছিল। নির্ধারিত স্থানে পৌঁছালে লিটন ইচ্ছাকৃতভাবে মোটরসাইকেলের গতি কমিয়ে দেয়। এ সময় আমিনুরের মোটরসাইকেলের পেছনে থাকা শাওন সেলিনা বেগমের হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।

এ ঘটনায় পুলিশ লিটন শেখ ও মোস্তফা জামান ওরফে বরকত বিশ্বাসকে পৃথক স্থান থেকে গ্রেফতার করেছে। তবে কাজীপাড়া গ্রামের আইনাল বদ্দির ছেলে শাওন বদ্দি এখনো পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে মহেশপুর থানায় মামলা নং-২১, তারিখ ১১/০৫/২০২৬, ধারা-৩৯৪ দণ্ডবিধিতে মামলা দায়ের করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪