| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আন্তর্জাতিক নার্স দিবসে বাগেরহাটে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: মে ১২, ২০২৬ ইং | ১৬:৫৩:২৬:অপরাহ্ন  |  ৪৫১৬ বার পঠিত
আন্তর্জাতিক নার্স দিবসে বাগেরহাটে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি: “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ—জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে বাগেরহাটে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ মে) সকালে বাগেরহাট নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ মোসা. রহিমা খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দিন এবং সিভিল সার্জন আ.স. মো. মাহবুবুল আলম।

বক্তারা বলেন, নার্সিং একটি মহান পেশা এবং মানবসেবায় এর গুরুত্ব অপরিসীম। দায়িত্ব, আন্তরিকতা ও মানবিকতা নিয়ে কাজ করলে নার্সরা সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারেন। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের আদর্শ অনুসরণ করে সেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথি সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ বলেন, ঐতিহ্যবাহী বাগেরহাট নার্সিং ইনস্টিটিউট থেকে শিক্ষিত নার্সরা দেশের বিভিন্ন স্থানে সুনামের সঙ্গে কাজ করছেন। মানুষের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করলে নার্সরা প্রকৃত সম্মান অর্জন করবেন।

অনুষ্ঠানে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী, চিকিৎসক ও স্টাফরা অংশ নেন। এ সময় নবীন শিক্ষার্থীদের বরণ এবং দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের মাঝে লাল ও গোলাপি বেল্ট প্রদান করা হয়। পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।


রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪