রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক : ইসরায়েলের ওপর আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার (১৯ জুন) মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এই হামলা সংঘটিত হয়। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সম্প্রতি ইরান থেকে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে। প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং হামলা প্রতিহত করতে কাজ করছে বলেও জানানো হয়।
হামলার পরপরই ইসরায়েলি কর্তৃপক্ষ জনগণকে নিরাপদ এলাকায় সরে যেতে নির্দেশ দিয়েছে। সেনাবাহিনীর বার্তায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জনগণ যেন নিরাপদ এলাকায় অবস্থান করে।
টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, সামরিক মূল্যায়নে দেখা গেছে, ইরান এই হামলায় কমপক্ষে ১০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে ইসরায়েলের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত জনবহুল এলাকায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ইরান-ইসরায়েল চলমান উত্তেজনার মধ্যে তুরস্ক সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তুরস্ক ইতোমধ্যে ইরানের সঙ্গে তার সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি গোপন সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত ইরান থেকে শরণার্থীদের অস্বাভাবিক প্রবাহ দেখা না গেলেও সীমান্তে নজরদারি ও সামরিক প্রস্তুতি জোরদার করা হয়েছে।
সূত্র আরও জানায়, দেশটি স্থানীয়ভাবে তৈরি বহুস্তরবিশিষ্ট রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সম্ভাব্য বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধে সক্ষমতা গড়ে তুলছে।
বিশ্লেষকদের মতে, ইরান-ইসরায়েল চলমান উত্তেজনা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে তা পুরো অঞ্চলে আরও বড় সংঘাতে রূপ নিতে পারে। তুরস্কের প্রস্তুতিও সেই আভাসই দিচ্ছে।
রিপোর্টার্স২৪/আরএইচ